মালয়েশিয়ায় নৌকা ডুবে ২ জনের মৃত্যু
মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্ততপক্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে মালয়েশিয়ার সর্ব দক্ষিণের তানজুঙ পিয়াই অন্তরীপের কাছের উপকূলে নৌকাটি ডুবে যায়।
ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ৮০ জন অবৈধ অভিবাসী ছিল বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য মালয়েশিয়ান স্টার জানিয়েছে, অভিবাসীবাহী নৌকাটির সঙ্গে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’র (এমএমইএ) একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগেছিল।
ঘটনার সময় এমএমইএ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।
ডুবে যাওয়া নৌকাটি অবৈধ অভিবাসীদের নিয়ে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন এমএমইএ’র কর্মকর্তারা।
নিখোঁজ যাত্রীদের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে এমএমইএ।
