ইরাকি জঙ্গিদের প্রভাব পাকিস্তানেও
ইরাকের বিশাল এলাকার দখল নেয়া আইএসআইএল জঙ্গিরা পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান বিশ্লেষক মোহাম্মদ আমির রানা।
উত্তর ইরাকের বিশাল এলাকার দখল নেয়া আইএসআইএল জঙ্গিদের মতাদর্শগত প্রভাব পাকিস্তানেও বিস্তৃত হচ্ছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির একজন নিরাপত্তা বিশেষজ্ঞ।
তারা পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক সংগঠন আইএসআইএল জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার খবর প্রকাশ পাচ্ছে বলে জানান বিশ্লেষক মোহাম্মদ আমির রানা।
রোববার তিনি বলেন, ইরাকের আইএসআইএল এর প্রতি পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-খিলাফতের আনুগত্য ঘোষণা ‘অনেককেই বিস্মিত করেছে’।
‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ত’ বা আইএসআইএল ইরাকের বড় অংশের দখল নিয়ে খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি তাদের নতুন নাম দিয়েছে ইসলামিক স্টেট।
এক সময় সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই করলেও কয়েক মাস আগে ইরাকে জড়ো হয়ে দেশটির সরকার ব্যবস্থা নড়বড় করে দিয়ে আলোচনায় আসে আইএসআইএল বা ইসলামিক স্টেট।
অঞ্চল দখলের সাফল্য দিয়ে নতুন করে তারা পাকিস্তানের কয়েকটি সমমনা জঙ্গি সংগঠনকে উৎসাহিত করছে বলে দাবি করেন আমির রানা।
পাকিস্তানের বেলুচিস্তান ও পাঞ্জাব সক্রিয় লস্কর-ই-জংভি অনেক দিন ধরেই খেলাফতপন্থি ইরাকি জঙ্গি সংগঠনটির সঙ্গে জড়িত। আইএসআইএল এর হয়ে ইরাকে তারা যুদ্ধ করছে বলেও জানান রানা।
