জার্মানির জয়ে হিটলারেরর নাম নিয়ে বিপাকে
ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলকে হারানো জার্মানি দলকে অভিনন্দন জানাতে গিয়ে হিটলারের প্রসঙ্গ টানার জন্য ক্ষমা চাইতে হয়েছে মালয়েশিয়ার এক এমপি’কে।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ট্যুইটারে দেয়া ওই বার্তার জন্য স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বকুনিও খেয়েছেন ইউনাইটেড ‘মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন’ এর সদস্য বুং মোক্তার রাদিন।
পরে তিনি ক্ষমা চেয়ে করা ট্যুইটে লিখেন, “ব্রাজিলের বিরুদ্ধে জার্মানির জয়ের পর আমি খোলা মনে এমন কিছু বলে ফেলেছি যা জার্মানির জনগণকে ব্যাথিত করেছে। সেজন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। বুং দীর্ঘজীবী হও।”
ফিফা বিশ্বকাপের চলতি আসরের সেমিফাইনাল পর্বে মঙ্গলবার স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে জার্মানি ৭-১ গোলে জেতার পর ট্যুইটারে অভিনন্দন বার্তা দেন এমপি বুং মোক্তার রাদিন।
এতে তিনি লিখেন, “শাব্বাশ…….চমৎকার……বেঁচে থাকো হিটলার….(ওয়েলডান…ব্রাভো… লং লিভ হিটলার..)”।
বার্তাটি ছাড়ার পর ইন্টারনেট জগতে তোপের মুখে পড়েন বুং। অনেকেই তার মানসিক অবস্থা ও রাজনীতি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
শেখ৪৯ নামের এক ট্যুইটার অনুসারী লেখেন, “নিম্ন শ্রেণির হুলুস্থূল এমপি।” লেইজিবোনি নামে এমপি’র এক ট্যুইটার অনুসারী লেখেন, “আপনি একজন বোকা মানুষ…… আরো পড়াশোনা করুন”।
বৃহস্পতিবার ওই এমপি’র সমালোচিত বার্তাটি প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নজরেও আসে।
পরে তিনি তার ট্যুইটারে লেখেন, “এমপি বুং তার ট্যুইটে যা লিখেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেখাটি তিনি তুলে নিন।”
ক্ষমা চেয়ে নতুন করে ট্যুইট করার পর এক অনুসারী লেখেন, “কথাটি ইউরোপে গিয়ে বলার চেষ্টা করুন। তখন ফিরতি গুলি খেতে বেশি সময় লাগবে না।
অবশ্য এতো কিছুর পরও জার্মানির ফুটবলের সঙ্গে হিটলার প্রসঙ্গ জড়ানোর পক্ষে যুক্তি দেয়ার চেষ্ট করেন বুং। তবে সেটা ছিল কেবল তার কথার কথা।
বুধবার তিনি মালয়েশিয়ার স্টার অনলাইনকে বলেন, আমি জানিনা এতে কি সমস্যা। হিটলার তো ইতিহাসের অংশ। জার্মারি ফুটবল দল হিটলারের মতোই বীরত্ব দেখিয়ে জয়ী হয়েছে।
