যুক্তরাষ্ট্রে এক বাড়িতে ৬ জনকে হত্যা
যুক্তরাষ্ট্রের হিউস্টোন শহরতলীর একটি বাড়িতে চারশিশুসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মাথায় গুলিবিদ্ধ অপর এক নারীর অবস্থা গুরুতর। তবে সন্দেহভাজন হত্যাকারীকে পুলিশের সামনে সনাক্ত করার ব্যাপারে এই নারী সহায়তা করতে সক্ষম হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।।
প্রায় দুইঘণ্টা ধরে ধাওয়া করার পর পুলিশ সন্দেহভাজন হত্যাকারীর গাড়ি ঘিরে ফেলে। পালানোর আর উপায় না পেয়ে তিনি আত্মসমর্পণ করেন।
ছাড়াছাড়ি নিয়ে গৃহবিবাদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
তবে নিহতদের সঙ্গে সন্দেহভাজন হত্যাকারীর কি সম্পর্ক তা এখনো পরিষ্কার নয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারী শশ্রুমণ্ডিত এবং তার বয়স ত্রিশের কোটায়।
পুলিশ কর্মকর্তা থমাস জিলিল্যান্ড বলেছেন, তাকে (সন্দেহভাজন হত্যাকারী) ঘিরে ফেলার পর তিনি গাড়িতে শান্তভাবে বসে ছিলেন এবং আমাদের দেখছিলেন।
তিনি আরো জানান, তারা দুই ঘণ্টা ধরে একজন পিস্তলধারী মানুষের সঙ্গে অব্যাহতভাবে কথা চালিয়ে তার গাড়ি অনুসরণ করে যাচ্ছিলেন, যে মানুষটি মাত্রই ছয়জন মানুষকে হত্যা করেছে।
হেরিস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনশিশুসহ দুইব্যক্তিকে মৃত দেখতে পায়। আহতাবস্থায় চতুর্থ শিশুটি মারা যায় হাসপাতালে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
