চীনে ভূমিধসে নিখোঁজ ১৭
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইউনানে এক ভূমিধসের ঘটনায় অন্ততপক্ষে ১৭ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার ফুগঙ কাউন্ট্রি’র শাবা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফুগঙ’র কমিউনিস্ট পার্টি প্রধান লি হঙবেন এর বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ঘটনার দিন বিকেল ৩টায় ভূমিধসের এ ঘটনা ঘটে।
হঙবেন নিজেই উদ্ধারকাজ পরিচালনা করছেন।
১৪০ জন উদ্ধারকর্মী বুলডোজার, দমকল গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।
ঘটনাস্থলের কাছাকাছি একটি নদী থাকায় নিখোঁজ কেউ কেউ পানির স্রোতে নদীতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যরা কাদা ও পাথরের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন হঙবেন।
