২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৬

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪ নেটো সেনাসহ ১৬ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 02:31 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

মঙ্গলবার ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বাগরাম বিমান ঘাঁটির কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিটির কাছের একটি ক্লিনিকে চালানো এই বোমা হামলায় ১০ বেসামরিক ও দুই পুলিশ নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জিয়াউল রহমান জানিয়েছেন, হামলায় ৬ নেটো সেনা, ১০ আফগান বেসামরিক এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তিনি বলেন, “দুইদিন আগে কুলান্দার খিল গ্রাম থেকে একটি রকেট নিক্ষেপ করা হয় যা বাগরাম (সেনা) ঘাঁটিতে আঘাত হানে। আজ সকালে আফগান ও নেটো বাহিনীর এক যৌথ দল ঘটনা তদন্ত করতে সেখানে যায়।

“সেখানে বাইসাইকেল নিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী দাঁড়িয়ে ছিল এবং সে বিস্ফোরণ ঘটায়, এতে স্থানীয় ১০ বেসামরিক, দুই পুলিশ সদস্য ও ছয় নেটো সেনা নিহত হন।”

কিন্তু এক বিবৃতিতে আফগানিস্তানে মোতায়েন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) দাবি করেছে, হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন।

রয়টার্সের কাছে পাঠানো এক বার্তায় হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।