বিশ্বকাপ টিকেট কর্মকর্তা রে হোয়েলান গ্রেপ্তার
কালোবাজারে বিশ্বকাপের টিকিট বিক্রির ঘটনার তদন্তের অংশ হিসেবে ফিফার অংশীদার কোম্পানি ম্যাচ হসপিটালিটি’র প্রধান কর্মকর্তা রে হোয়েলানকে গ্রেপ্তার করেছে ব্রাজিলীয় পুলিশ।
সোমবার রিও ডি জেনিরোর বিলাসবহুল আবাসিক হোটেল কোপাকাবানা প্যালেস থেকে হোয়েলানকে গ্রেপ্তার করা হয়।
এই একই হোটেলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ ফিফা’র কর্মকর্তারাও অবস্থান করছেন বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বকাপ টিকেট কালোবাজারের বিরুদ্ধে চলমান জুলে রিমে অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হোয়েলানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে এক টেলিফোন কলে আঁড়ি পেতে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ফিফা কর্মকর্তার নামের প্রথম অংশটি শনাক্ত করেছিল তারা।
ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জুলে রিমে অভিযানে স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেয়া হয়েছে।
হোয়েলানকে গ্রেপ্তারের পর শেষ খবর পাওয়া পর্যন্ত সুইজারল্যান্ড ভিত্তিক ম্যাচ হসপিটালিটি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে ১১ জনকে গ্রেপ্তার করে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছিল ব্রাজিলীয় পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অবৈধভাবে টিকেট পুনঃবিক্রির অভিযোগ আনা হয়েছে, এসব টিকেটের মধ্যে এমন টিকেটও ছিল যেগুলো প্রকৃতপক্ষে খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, চক্রটি সম্ভবত চারটি বিশ্বকাপে তাদের অবৈধ থাবা বিস্তার করেছে এবং প্রতি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে প্রায় ৯ কোটি ডলারের মতো আয় করেছে।
কর্তৃপক্ষের ধারণা, কালোবাজারে বিক্রি হওয়া টিকেটের কিছু অংশ বিদেশী পর্যটকদের কাছে বিক্রি করা হয়েছে।
