২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নেবে হামাস

গাজায় ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনকারী দল হামাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

বিবিসি জানায়, বিমান হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনি হত্যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস।

গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে সন্ত্রাসীদের আস্তানাগুলোসহ গোপন রকেট উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

তিন ইসরায়েলি কিশোর অপহরণ ও হত্যাকাণ্ডের বদলায় এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার ইসরায়েলের পুলিশ ফিলিস্তিনি কিশোল আবু খুদাইর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৬ ইসরায়েলিকে গ্রেপ্তার করে। এরপরই রাতভর গাজায় চলে ইসরায়েলি বিমান হামলা।

হামাসের সামরিক শাখা ‘দ্য ইজ্জেদিন আল কাশেম ব্রিগেডস’ বলেছে, ইসরায়েলের বিমান দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের প্রতিরোধ অবস্থানগুলোতে বিমান হামলা করেছে। এ হামলায় প্রাথমিকভাবে ৬ সদস্য নিহত হওয়ার কথা জানায় হামাস। তবে কয়েকটি সূত্র পরবর্তীতে বিবিসিকে জানায়, একজন এখনো জীবীত।

চিকিৎসাকর্মীরা বলছেন, মিশর সীমান্তের কাছে চোরাচালানের সুড়ঙ্গগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু ইসরায়েল বলছে, সুড়ঙ্গগুলো জঙ্গিদের বিস্ফোরকের দুর্ঘটনাবশত বিস্ফোরণেই ভেঙে পড়ে থাকতে পারে।

ওদিকে, কাশিম ব্রিগেড বলছে, গাজার উত্তরাঞ্চলে চালক বিহীন বিমান (ড্রোন) হামলাও হয়েছে। এতে তাদের এক যোদ্ধা নিহত হয়। অন্যদিকে, গাজার কেন্দ্রস্থলে বুরেইজি শরণার্থী শিবিরের পূর্বে অন্য একটি হামলায় নিহত হয় আরো ২ যোদ্ধা।

পুরনো খবর:

ইসরায়েলি বিমান হামলায় হামাসের ৭ সদস্য নিহত