দক্ষিণের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রস্তাব উ কোরিয়ার
কোরিয়া উপদ্বীপে সংঘাতের অবসান ঘটিয়ে উত্তর-দক্ষিণ সম্পর্ক উন্নত করার জন্য দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।
এ লক্ষ্যে নিজেদের নীতিমালা ও অবস্থান স্পষ্ট করে তুলে ধরে সিউলকে ৪ দফা প্রস্তাব দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার একথা জানিয়েছে।
একটি বিবৃতি তুলে ধরে কেসিএনএ জানায়, উত্তর কোরিয়া সরকার দুপক্ষের বৈরি আচরণ এবং সংঘাতের অবসান ঘটিয়ে সম্প্রীতি ও এক্যের পথে আসার আহ্বান জানিয়েছে।
কোরিয়া উপদ্বীপের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বর্ণনা করে বিবৃতিতে বলা হয়, দুপক্ষের মধ্যে বৈরিতা এবং সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে একটি মন্তব্য এমনকি ছোট্ট একটি বিরোধও জাতির ধ্বংস ডেকে আনতে পারে।
আর সেকারণেই দক্ষিণ কোরিয়াকে সংঘাতের নীতি পরিহার এবং বহিঃশক্তির সঙ্গে কোনোরকম সামরিক মহড়া বন্ধ করার বলিষ্ঠ সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয় এতে।
