২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন্ত পুড়িয়ে মারা হয় খেদাইরকে

চারদিন আগে পূর্ব জেরুজালেম থেকে অপহৃত ফিলিস্তিনি এক কিশোরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আগুনে মোহাম্মদ আবু খেদাইরের (১৬) শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 09:49 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কুলপড়ুয়া ওই বালককে গত বুধবার পূর্ব জেরুজালেমের সুফাত শহর থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামারা। পরে পশ্চিম জেরুজালেমে তার দগ্ধ লাশ পাওয়া যায়।

গত সোমবার হেবরন শহরের কাছে অপহৃত তিন ইসরাইলি বালকের লাশ পাওয়া গিয়েছিল। ওই ঘটনার রেশ না কাটতেই হত্যার শিকার হয় আরেক ফিলিস্তিনি বালক।

খেদাইরের বাবা-মায়ের অভিযোগ, সেমিনারি স্কুলে (ধর্মীয় বিদ্যালয়) পড়ুয়া তিন ইসরাইলি বালককে হত্যার প্রতিশোধ নিতে তাদের ছেলেকে দগ্ধ করা হয়েছে।

তবে ইসরাইলি কর্তৃপক্ষের দাবি ওই হত্যাকাণ্ডের রহস্য এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় দোসীদেরকে তারা চিহ্নিত করে শাস্তি দেবেন।

Image
নিহত ইসরাইলি তিন বালক

নিহত ইসরাইলি তিন বালক

ফিলিস্তিনি বালকের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি সেমিনারিতে পড়ুয়া তিন যুবকের হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসকে দায়ী করেন তিনি।

তবে শুরু থেকেই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে হামাস।

ফিলিস্তিনের ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে ইসরাইলি চিকিৎসকরা দগ্ধ বালকের লাশের ময়নাতদন্ত করেন। আগুনের কারণে ওই বালকের শ্বাসনালী দগ্ধ হওয়ায় সে মারা গেছে বলে এতে উল্লেখ করেন চিকিৎসকরা।

শুক্রবার সকালে স্বজনদের কাছে খাদিয়ারের লাশ ফেরত দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। এইদিন পূর্ব জেরুজালের সুফাত জেলায় খাদিয়ারের বাড়ির কাছে দাফন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয়া হাজার হাজার ফিলিস্তিনি এসময় দফায় দফায় ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

প্রায় ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর গত সোমবার পশ্চিম তীরে তিন ইসরাইলি বালকের মৃতদেহ পাওয়া যায়। বুধবার তাদের দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

হত্যাকাণ্ডের জন্য হামাসকে দায়ী করে সংগঠনটির চিহ্নিত কর্মীদের ধরতে অভিযান চালায় ইসরাইলি পুলিশ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি বালকের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ওই ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার করারও আশ্বাস দেন।