গাজায় ফের ইসরায়েলি হামলা, জাতিসংঘের নিন্দা
গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃস্পতিবারের এ হামলায় ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।
ওদিকে, ফিলিস্তিনিরাও গাজা থেকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরায়েলে দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্তে উত্তেজনা বাড়ছে।
সীমান্তে সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষেরই নিন্দা করেছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই ভিয়েনায় সাংবাদিকদের বলেছেন, “মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আমি এই রকেট হামলা এবং এর জবাবে ইসরায়েলের মাত্রাতিরিক্ত শক্তির ব্যবহারের তীব্র নিন্দা জানাই”।
জেরুজালেমে গত বুধবার ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনির লাশ পাওয়া যাওয়ার পর ফিলিস্তিনিরা এর প্রতিবাদে ফুঁসে ওঠে। এর আগে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতির অপহৃত তিন কিশোরের লাশ পাওয়ার পর এর জন্য ফিলিস্তিনি গেরিলা দল হাসামকে দোষারোপ করে গাজায় প্রতিশোধ হিসাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েল গাজার হামাসের অন্তত তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। ওদিকে, গাজা থেকে ফিলিস্তিনিরা ১৪ টি রকেট ছুড়েছে বলে অভিযোগ ইসরায়েলের।
দুপক্ষের এ পাল্টাপাল্টি আক্রমণ সম্পর্কে নাভি পিল্লাই বলেন, “যা ঘটছে তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন”।
