‘আত্মহত্যার ঝুঁকিতে’ অস্কার পিস্টোরিয়াস
অস্কার পিস্টোরিয়াস মানসিক অশান্তিতে ভুগছেন এবং আত্মহত্যার ঝুকিতে রয়েছেন বলে মনোচিকিৎসকদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার পিস্টোরিয়াসকে নিয়ে মনোবিজ্ঞানীদের এ পর্যবেক্ষণ প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।
তার আইনজীবী আদালতকে বলেন, বান্ধবী রিভা স্টিনক্যাম্প এর জন্য পিস্টোরিয়াস এখন ভীষণ শোকগ্রস্ত। প্রতিবেদন অনুযায়ী এখন তার চিকিৎসা প্রয়োজন।
গুলি চালানোর সময় পিস্টোরিয়াস মানসিক বিকারগ্রস্ত ছিলেন না বলে সোমবার আদালতকে জানানো হয়।
তবে আদালতের কাছে বান্ধবীকে হত্যার অভিযোগ অস্বীকার করেন তিনি। বাসায় দুস্কৃতকারী ঢুকেছে ভেবেই তিনি গুলি চালিয়েছেন বলেও দাবি তার।
তবে প্রসিকিউসনের দাবি, ইচ্ছাকৃতভাবেই পেশায় মডেল ও আইনের ছাত্রীকে হত্যা করেছেন পিস্টোরিয়াস। হত্যার আগে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল।
পিস্টোরিয়াসের মানসিক অবস্থা যাচাই করতে একমাস ধরে নানা চেষ্টা চালানোর পর প্রতিবেদনগুলো তৈরি করা হয়। একজন মনোবিজ্ঞানী ও তিনজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিবেদনটি তৈরি করেন।
সোমবার জমা দেয়া চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, পিস্টোরিয়াসের মানসিক অবস্থা ন্যায়-অন্যায় যাচাই করার উপযোগী ছিল। সুতরাং, ওই হত্যাকাণ্ডটি তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আওতায় আনা যায়।
বুধবার আসামিপক্ষের আইনজীবী ব্যারি রোক্স চিকিৎসকদের পরামর্শের জবাবে বলেন, পিস্টোরিয়াসের দুই পা না থাকার কারণে তিনি অতীতেও নিরাপত্তাহীনতায় ভুগতেন। কোনো আকস্মিক ঘটনা দেখলে অন্য স্বাভাবিক মানুষের তুলনায় তিনি বেশি ক্রিয়াশীল হয়ে উঠতেন।
দুই পা না থাকা সত্ত্বেও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসেন পিস্টোরিয়াস।
পিস্টোরিয়াস নিজেও বলেছেন, বাসায় কেউ একজন ঢুকেছে ভেবে তিনি পর পর কয়েকটি গুলি ছুঁড়েছেন টয়লেটের দিকে। সেখানেই ছিলেন তার বান্ধবী স্টিনক্যাম্প।
গণমাধ্যমের নজরদারির মধ্যে চলা বিচার প্রক্রিয়ায় গত ৩ মার্চ পিস্টোরিয়াসের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীন কারাদণ্ড হতে পারে।
