আদালতে পিস্টোরিয়াসের বমি, কান্না
রিভা স্টিনক্যাম্প হত্যা মামলার শুনানি চলার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি আসামি অস্কার পিস্টোরিয়াস। সোমবার মৃতা বান্ধবীর ময়না তদন্তের গ্রাফিক্স দেখানোর সময় আদালত কক্ষে বমি করেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট।
দক্ষিণ আফ্রিকার একটি আদালতে শুনানি চলার সময় ‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াসের বমি আর ফুঁপিয়ে-ফুঁপিয়ে কান্নার কারণে প্যাথোলজিস্ট গার্ট সাইমানকে ময়না তদন্তের গ্রাফিক্স দেখানো কয়েকবার থামাতে হয়েছে।তবে আদালত শুনানি থামায়নি। কারণ আদালতের মনে হয়েছে, শুনানি থামালেও একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিক ও প্যারালিম্পিকে অংশ নেয়া পিস্টোরিয়াসের মানসিক অবস্থা ভালো হবে না।স্টিনক্যাম্পের পরিবারের সম্মানের কথা চিন্তা করে শুনানি শুরু হওয়ার আগে বিচারপতি থোকোজাইল মাসিপা ময়না তদন্তের গ্রাফিক্যাল উপস্থাপনার সময় আদালত কক্ষে সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করেন।পিস্টোরিয়াস স্বীকার করেন, তিনি গুলি করেছিলেন। কিন্তু স্টিনক্যাম্পকে চিনতে ভুল করার কারণে দুর্ঘটনাটা ঘটেছিল বলে দাবি তার। পিস্টোরিয়াস ভেবেছিলেন, তার বাড়িতে চোর ঢুকে পড়েছে।গার্ট সাইমান ময়না তদন্তে দেখিয়েছেন, স্টিনক্যাম্পের মাথায়, বাহুতে এবং নিতম্বে গুলি লেগেছিল। গুলিগুলো বন্ধ দরজা পেরিয়ে তাকে আঘাত করে। পিস্টোরিয়াসের ছোড়া চতুর্থ গুলি অবশ্য তার গায়ে লাগেনি।তবে ঐ তিনটি গুলিতেই মৃত্যু হয়েছে স্টিনক্যাম্পের। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, স্টিনক্যাম্পের ডান বাহু একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, নিতম্বের অবস্থাও খারাপ ছিল। তবে মাথায় গুলির আঘাতেই তার দ্রুত মৃত্যু হয়।সাইমানের কথা শুনতে-শুনতে পিস্টোরিয়াস ফুঁপিয়ে কেঁদে ওঠেন। কখনো মাথা নিচু করে বসে থেকে দুহাত দিয়ে কান চেপে ধরেন। কখনো বা সাদা রুমাল দিয়ে চোখ ঢাকারও চেষ্টা করেন।পিস্টোরিয়াসের বিরুদ্ধে গত বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ।দুই পা না থাকলেও বিশেষ ধরনের ব্লেড লাগিয়ে প্যারালিম্পিকে ছয়টি সোনাজয়ী পিস্টোরিয়াস ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে ক্রীড়া-বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।লন্ডনে তেমন কিছু করতে না পারলেও বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠায় অনেকেই অবাক।দোষী প্রমাণিত হলে পিস্টোরিয়াসের ২৫ বছর কারাদণ্ড হতে পারে।
