২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত ভেবে গুলি চালান পিস্টোরিয়াস

‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে ভেবে ভুল করে গুলি চালিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র , বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 01:35 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

বান্ধবীকে পরিকল্পিতভাবে খুন করার সরকারি কৌসুলিদের অভিযোগ অস্বীকার করেছেন ‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস।

আদালতে পিস্টোরিয়াস বলেন, বাড়িতে অনুপ্রবেশকারী ঢুকেছে ভেবে ভুল করে গুলি চালিয়েছিলেন তিনি। আর বান্ধবী রিভা স্টিনক্যাম্প তখনও বেডরুমে ছিলেন বলেই ধারণা ছিল তার।

মঙ্গলবার প্রিটোরিয়ায় আদালতের শুনানিতে পিস্টোরিয়াস আরো বলেন, তিনি রিভাকে ভালোবাসতেন। তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

কিন্তু এর আগে আদালতের শুনানিতে সরকারপক্ষের কৌসুলিরা অভিযোগ করে বলেছিলেন, বান্ধবী ওয়াশরুমে থাকার সময় ৪ দফা গুলি করে তাকে ঠান্ডা মাথায় খুন করেছেন পিস্টোরিয়াস।

তবে অীভযোগ পড়ে শোনানোর সময় পিস্টোরিয়াস কাঁদতে থাকায় তার আইনজীবীরা ঘটনাটি হত্যাকাণ্ড নয় বলে যুক্তি দেন।

তাছাড়া, বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ডের পর কয়েকটি সংবাদ মাধ্যমেও বলা হয়েছিল ছিনতাইকারী বা চোর ভেবে গুলি করেন পিস্টোরিয়াস। তবে পুলিশ এ সম্ভাবনা নাকচ করে দেয়।

মঙ্গলবার আদালতে ঘটনার বর্ণনায় কৌসুলি গ্যারি নেল বলেন, ওই রাতে পিস্টোরিয়াস উঠে দাঁড়িয়ে ৭ মিটার হেঁটে গিয়ে টয়লেটের দরজা দিয়ে গুলি করেন।তিনি মোট ৪ টি গুলি করেছিলেন। এর মধ্যে স্টিনক্যাম্প তিনটি গুলিবিদ্ধ হন।এরপর বাথরুমের দরজা ভেঙে স্টিনক্যাম্পকে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে যাওয়া হয়।

তবে পিস্টোরিয়াসের আইনজীবীরা বলছেন, দরজার ওপাশে কে ছিলেন তা জানতেন না পিস্টোরিয়াস।ফলে এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড তার কোনো প্রমাণ নেই এমনকি এটি খুনও নয়।

আইনজীবী ব্যারি রোক্স পিস্টোরিয়াসের পক্ষ থেকে পড়ে শোনানো একটি বিবৃতিতে বলেন, “এই যুগল (পিস্টেরিয়াস, রিভা) বৃহস্পতিবার সন্ধ্যা বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”

এতে আরো বলা হয়, “দু’জন বেডরুমে থাকার সময় এক পর্যায়ে পিস্টোরিয়াস বারান্দায় গিয়ে হট্টগোল শুনতে পান। সে সময় বেডরুম ঘুটঘুটে অন্ধকার ছিল। আর পিস্টোরিয়াসের কার্বন পা লাগানো না থাকায় তিনি আতঙ্কে ছিলেন। সে সময় তিনি ভেবেছিলেন, রিভা বেডরুমেই আছেন, আর বাথরুমে কেউ অনুপ্রবেশ করেছে।”