ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পেয়েই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অস্কার পিস্টোরিয়াস। তিনিই অলিম্পিকে অংশ নিতে যাওয়া প্রথম অঙ্গহীন অ্যাথলেট ।
অলিম্পিকের অনুশীলনের জন্য বর্তমানে ইতালিতে আছেন ‘দ্য ব্লে¬ড রানার’ নামে পরিচিতি পেয়ে যাওয়া পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকার অলিম্পিক দলে জায়গা পাওয়ার সুসংবাদ এ মাসেই পেয়েছেন তিনি।
কৌতুক করে পিস্টোরিয়াস বলেন, “আমি ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার গাল কুঁচকে আছে। কারণ আমি ঘুমের মধ্যে হাসছিলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পারছে অলিম্পিকই তার কারণ। আমাকে ভালো করতে হবে। এটা বিশাল চাপ।”
ফিবুলা হাড় না থাকায় মাত্র ১১ মাস বয়সে পিস্টোরিয়াসের দুই পা হাঁটুর নীচ থেকে কেটে ফেলতে হয়েছিলো। কিন্তু কোনো কিছুই তাকে খেলাধূলা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি।
শুরুতে রাগবি খেলোয়াড় হতে চাইলেও হাঁটুতে চোট পাওয়ায় ইচ্ছাটা ত্যাগ করতে হয় পিস্টোরিয়াসকে। এর পরই দৌড়বিদ হিসেবে অলিম্পিকে অংশ নেয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০০ মিটার এবং ৪ী৪০০ মিটার রিলেতে অংশ নেয়ার অনুমতি পেয়েছেন পিস্টোরিয়াস।
৪ অগাস্ট ৪০০ মিটারের হিটের দিনই ট্র্যাকে দেখা যাবে তাকে।
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪ী৪০০ মিটার রিলেতে অংশ নিয়েছিলেন পিস্টোরিয়াস। যদিও ফাইনালের দলে জায়গা পাননি। তবে হিটে অংশ নেয়ায় রুপা জয়ী সতীর্থদের সঙ্গে তার গলাতেও পদক উঠেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০৫৬ঘ.
bdnews24