ইউক্রেইনে রুশপন্থিদের বিরুদ্ধে ফের অভিযান শুরু
ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়ে দেশের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ফের অভিযান শুরু করেছেন।
বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিগুলোতে মঙ্গলবার বিমান ও গোলা হামলা চালিয়েছে ইউক্রেইন বাহিনী। রাশিয়া সঙ্গে সঙ্গে ইউক্রেইনের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
পোরোশেঙ্কো সবার পরামর্শই অগ্রাহ্য করেছেন উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শান্তির পথ থেকে সরে যাওয়ার পুর্ণ দায় নিতে হবে পোরোশেঙ্কোকেই।
রাশিয়া ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ার পর পোরোশেঙ্কোকে দেয়া হুমকিই আবার পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, মস্কো ইউক্রেইনে জাতিগত রাশিয়ানদের স্বার্থ রক্ষা করে যাবে।
ওদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পোরোশেঙ্কোর ঘোষিত যুদ্ধবিরতি মেনে নেয়নি। আর সে কারণে পোরোশেঙ্কোর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা করার অধিকার আছে।
পোরোশেঙ্কো বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেয়ার পর তার সেনাবাহিনী বিদ্রোহী ঘাঁটি এবং তল্লাশিকেন্দ্রগুলোতে অভিযান বিমান এবং গোলা হামলা চালিয়েছে।
