তদন্তের আওতায় সারকোজি
বিচার বিভাগের ওপর প্রভাব খাটানোর মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার দুর্নীতি বিরোধী পুলিশ তাকে ১৫ ঘণ্টার লম্বা জিজ্ঞাসাবাদের পর প্যারিসে একজন বিচারকের কাছে হাজির করেন।
দেশটির সাবেক কোনো প্রেসিডেন্টকে পুলিশ হেফাজতে রাখার ঘটনা এটিই প্রথম।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য অন্যায়ভাবে তহবিল সংগ্রহের একটি মামলায় সারকোজি গোপন তথ্য বের করার চেষ্টা করেছিলেন এবং এর বিনিময়ে প্রভাব খাটিয়ে একজন বিচারপতিকে উচ্চ পদ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে।
৫৯ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যান্ত ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। সর্বশেষ নির্বাচনে হেরে গেলেও মধ্য ডানপন্থি এই নেতা ২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছিল। তবে নতুন এই তদন্ত প্রক্রিয়া তার রাজনৈতিক ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলছে।
সারকোজির আইনজীবী থিয়েরি হারজগ, জ্যেষ্ঠ কৌসুলি গিলবার্ট অ্যাজিবার্টকেও আনুষ্ঠানিক তদন্তের আওতায় রাখা হয়েছে। তবে সন্দেহভাজন আরেকজন কৌসুলিকে মঙ্গবার নতুন করে আদালতে হাজির করা হয়নি।
