২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে পুলিশের গুলি

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের রাস্তায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ থামাতে উত্তেজিত জনতাকে লক্ষ করে গুলিবর্ষণ করেছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2014, 03:03 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবারের ওই সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

২০১২ সালের জুলাই থেকেই মিয়ানমারে এই দুটি সম্প্রদায় সহিংতায় জড়িয়ে পড়েছে। ওই সময় থেকে দুই সম্প্রদায়ের দাঙ্গায় ২০০ জনেরও বেশি নিহত ও অন্ততপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।

দাঙ্গার শিকার অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের।

মুসলিম অধ্যুষিত এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, এক মুসলিম চা দোকানি বৌদ্ধ এক নারীকে ধর্ষণ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একদল উত্তেজিত লোক মুসলিম এলাকাটির কাছে জড়ো হয়।

পুলিশ এসে দুপক্ষের মধ্যে অবস্থান নিয়ে বৌদ্ধদের সরিয়ে দিতে চেষ্টা করে।

“বৌদ্ধরা পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়ে মারলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে বৌদ্ধরা দোকানপাট ভাংচুর করে ও গাড়িতে আগুন দেয় বলে জানিয়েছেন তিনি।