সারকোজি আটক
বিচার প্রক্রিয়ায় প্রভাব খাটানোর একটি অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, প্যারিসের কাছে একটি পুলিশ স্টেশনে সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাময়িক সময়ের জন্য তাকে আটক করা হলেও প্রয়োজনে আটকের সময় বাড়ানো হতে পারে।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য অন্যায়ভাবে তহবিল সংগ্রহের একটি মামলায় সারকোজি গোপন তথ্য বের করার চেষ্টা করেছিলেন এবং এর বিনিময়ে প্রভাব খাটিয়ে একজন বিচারপতিকে উচ্চ পদ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে।
৫৯ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যান্ত ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। সর্বশেষ নির্বাচনে হেরে গেলেও মধ্য ডানপন্থি এই নেতা ২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছিল। তবে নতুন এই তদন্ত প্রক্রিয়া তার রাজনৈতিক ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলছে।
নির্বাচনী প্রচারণার জন্য সারকোজি কয়েকজন ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে তহবিল সংগ্রহ করেছেন বলে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। দাতাদের মধ্যে দেশটির সবচেয়ে ধনী নারী এল ওরিয়েল কসমেটিক্স এর সত্বাধিকারী লিলিয়ানি বেতেনকোর্ট ও লিবিয়ার প্রয়াত এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির নাম শোনা যাচ্ছে।
ফ্রান্সের কোনো সাবেক প্রেসিডেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদের ঘটনা এটিই প্রথম। মামলা প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সারকোজি।
