২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির সময় বাড়িয়েছে ইউক্রেইন সরকার

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের উপেক্ষার পরেও পূর্ব ঘোষিত একসপ্তাহের যুদ্ধবিরতির সময় বাড়িয়েছে ইউক্রেইন সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধে এড়িয়ে সমঝোতা স্থাপনের লক্ষ্যে এক সপ্তাহের অস্ত্র বিরতির প্রস্তাব দেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো। তবে বিদ্রোহীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পূর্বাঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়।

শুক্রবার রাত ও শনিবার সকালেও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়েছে। তবে নতুন প্রধানমন্ত্রী পোরোশেনকো বিদ্রোহীদের হামলা পরেও তার ঘোষণার মেয়াদ তিনদিন বাড়িয়েছেন।

যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়ে পোরোশেনকো বলেন, “আশা করি এই সময়ের মধ্যে আমার শান্তি পরিকল্পনা আরো একধাপ এগিয়ে যাবে।”

বিদ্রোহীদের কেউ কেউ চুক্তি ভঙ্গ করলেও অনেক বিদ্রোহী নেতা প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

এদিকে শুক্রবারই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই করেছেন প্রেসিডেন্ট পোরোশেনকো। ওই চুক্তি নিয়ে শুরু হওয়া বিরোধের সূত্র ধরেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল।

সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইইউর সঙ্গে চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে অর্থ সহায়তা নেয়ার পর কিয়েভের রাজপথে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যাপক প্রাণহানি ও জনরোষের মুখে তিনি দেশ ছেড়ে পালান। এর পরই পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা স্বায়ত্তশাসনের দাবিতে অস্ত্র হাতে তুলে নেয়।

ইইউর সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে না যেতে ইউক্রেইনকে আগেই সতর্ক করে আসছিল রাশিয়া। অবশ্য চুক্তি হয়ে যাওয়ার পরেও দেশটির শান্তি প্রক্রিয়ায় দেয়া সমর্থন অব্যাহত রেখেছে মস্কো প্রশাসন।

সপ্তাহ আগে প্রেসিডেন্ট পোরোসেনকোর ঘোষণা করা যুদ্ধবিরতির উদ্যোগকে সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ শনিবারও মস্কো টিভিকে দেয়া এক বক্তব্যে বিদ্রোহীদের সঙ্গে বিরোধ মীমাংসা হবে বলে আশা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

যুক্তরাষ্ট্র ইউক্রেইন বিষয়ে মাথা না ঘামালে দেশটির সঙ্কট সমাধান আরো সহজ হবে বলে আশা করেন সের্গেই।

বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়

যুদ্ধবিরতি উদ্যোগ চললেও ডোনেস্ক ও ক্রেভা লুকা এলাকায় সরকারি বাহিনীর দুটি বিমান ঘাঁটিতে মর্টার হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের আরো কয়েকটি স্থানে বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণ সেনাবাহিনী প্রতিহত করেছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পুরনো খবর:

ইউক্রেইনের যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন