২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নির্বাচন ‘দূরস্থ’

শিগগিরই থাইল্যান্ডে সাধারণ নির্বাচন দিচ্ছেনা দেশটির ক্ষমতাসীন সেনা সরকার। আগামী বছরের অক্টোবর নাগাদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সেনা সরকারের প্রধানমন্ত্রী জেনারেল প্রেয়াথ চান-ওচা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 06:46 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

বিবিসির খবরে বলা হয়, ‘পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নির্বাচন দিলে তা আবারও রাজনৈতিক অস্থিরতার কারণ হবে’ বলে যুক্তি দেখিয়ে নির্বাচনের জন্য এক বছর সময় নিচ্ছেন সেনা প্রধান। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী মাসেই একটি অন্তর্বর্তী সংবিধান চালু করবেন বলে আশ্বাস দেন জেনারেল প্রেয়াথ।

নির্বাচনের আগে অন্তর্বর্তী সময়ে অস্থায়ী মন্ত্রিসভা দেশ পরিচালনার দায়িত্বে থাকবে।

রাজনৈতিক অস্থিতিশীলতা ও অচলাবস্থার পথ ধরে গত ২২ মে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করে সেনা বাহিনী। দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করে আসছেন জেনারেল প্রেয়াথ।

ক্ষমতা দখলের পর থেকে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ আসলেও তা অস্বীকার করেছেন চান-ওচা। এক্ষেত্রে কোনো পক্ষের হয়ে কাজ করছেন না বলে দাবি তার।

গত মে মাসে রক্তপাতহীন অভ্যুত্থানের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন দেশটির সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা। তখন থেকেই ‘ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার’ নাম দিয়ে সরকার চালাচ্ছেন তিনি।

শনিবার এক টেলিভিশন ভাষণে সেনা প্রধান বলেন, “আমরা নতুন সংবিধান চালু করে তার অধীনে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে চাই। আর এর মাধ্যমেই থাই গণতন্ত্রকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো যাবে।”

“এখনই যদি কোনো নির্বাচন দেয়া হয় তা হলে দেশে আবারও বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা ফিরে আসবে। সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও নির্বাচনকে প্রভাবিতকারী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে।” বলে সেনা প্রধান।

পুরনো খবর:

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের