২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের

থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 11:43 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর কারফিউ

সরকার প্রধানের এই পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

অন্তর্বর্তী এই সময়ে প্রেয়াথ চান-ওচা এবং তার নিয়োগকৃত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে থাকা প্রশাসনিক কাজ সম্পাদন করবেন।

জাতীয় শান্তি ও শৃঙ্খলা বহাল রাখা সংক্রান্ত কাউন্সিলের (এনপিওএমসি) বিবৃতি উদ্ধৃত করে দ্য ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়েছে।

এনপিওএমসি’র প্রধান হিসেবে জেনারেল প্রেয়াথ বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন। এর আগে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে কারফিউ জারি করে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ নিয়মিত টেলিভিশন প্রোগ্রামগুলো বন্ধ করে দেন সেনাপ্রধান। তার আদেশে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদেরকে আটক করা হয়েছে এবং অন্যদের সামরিক বাহিনীর কাছে হাজির হতে বলা হয়েছে। সরকারকে বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়ে এনপিওএমসি জানিয়েছে, দেশটির সংবিধান সাময়িকভাবে স্থগিত থাকবে। কিন্তু সিনেট ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করতে পারবে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি রেডিও ও টেলিভিশন সম্প্রচারও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রচার মাধ্যমগুলো শুধুমাত্র ঐতিহ্যবাহী সংগীত সম্প্রচার করতে পারবে। তবে সংবাদপত্র, ইন্টারনেট, ফোন, মোবাইলসহ অন্যান্য যোগাযোগমাধ্যমকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। অস্ত্রবহন সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। জনগণের মধ্যে সহিংসতা ও বিভ্রান্তি এড়াতে সংবাদপত্রসহ সব ধরণের গণযোগাযোগ মাধ্যমকে সাবেক সরকারি কর্মকর্তা, বিচারক কিংবা স্বাধীন সংস্থাগুলোর সদস্যদের কোনো সাক্ষাৎকার ছাপা বা প্রচার করা নিষেধ করা হয়েছে। সকল সরকারি সংস্থা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। বিদেশের সঙ্গে চলমান সম্পর্ক অব্যাহত থাকবে। ১৯৩২ সাল থেকে দেশটিতে রাজতন্ত্রের পতনের পর এ নিয়ে ১২ বার সেনা অভ্যুত্থান হল। দেশে সামরিক আইন জারির দু’দিনের মাথায় বৃহস্পতিবার এক টিভি সম্প্রচারে প্রেয়াথ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং রাজনৈতিক সংস্কার কাজের জন্য সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে। থাইল্যান্ডে ৬ মাসের সরকারবিরোধী বিক্ষোভের সমাধান খুঁজতে প্রতিদ্বন্দ্বী সব দলের সঙ্গে বৈঠক করার পর ক্ষমতা দখলের এ ঘোষণা দেন প্রেয়াথ। টিভি ঘোষণায় প্রেয়াথ বলেন, “পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক করা, সমাজে শান্তি ফেরানো... এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কাঠামোগত সংস্কার কাজ করার জন্য সামরিক বাহিনীর ক্ষমতা নেয়া প্রয়োজন”। ব্যাংককে বিভিন্ন রাজনৈতিক দলের সভাস্থলগুলো সিল করে দিয়ে নেতাদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। কয়েকমাসের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মঙ্গলবার সামরিক আইন জারির পর সেনাবাহিনী এ পদক্ষেপ নেয়। সেনারা সরকারবিরোধী বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবানকে বৈঠক থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরপরই সেনাপ্রধান টিভিতে ওই ঘোষণা দেন। বিরোধী নেতা থাকসুবান এবং সরকারপন্থি বিক্ষোভের নেতা জাতুপর্ন প্রমপানসহ আরো কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আটক হয়েছেন। ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং বুনসঙপাইসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তিনিসহ তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে সামরিক বাহিনীর কাছে হাজির হতে বলা হয়েছে। থাই সাংবিধানিক আদালত এ মাসের শুরুর দিকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগের নির্দেশ দেয়। কিন্তু ইংলাকের পদত্যাগের পরও ক্ষমতায় থাকা তার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলে আসছিল। বুধবার ইংলাকের সমর্থক ও বিক্ষোভকারী দুপক্ষকেই সমঝোতার জন্য আলোচনায় ডাকেন প্রেয়াথ। কিন্তু আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। সেনাবাহিনী দুপক্ষের বিক্ষোভকারীদেরকে রাস্তায় অবস্থান করতে দিলেও সংঘর্ষ এড়াতে মিছিল করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সহিংস বিক্ষোভ এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনী মঙ্গলবার জননিরাপত্তার দায়িত্ব নেয়ার কথা বলে সামরিক আইন জারি করে। কিন্তু এটি কোনো সামরিক অভ্যুত্থান নয় বলেও দাবি করে তারা।