থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর কারফিউ
থাইল্যান্ডে কয়েক মাসের রাজনৈতিক গোলযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী ক্ষমতা দখল এবং সংবিধান স্থগিত করার পর দেশজুড়ে কারফিউ শুরু হয়েছে।
সেনাপ্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা সরকারের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর কারফিউ জারি করেছেন। একইসঙ্গে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করাসহ নিয়মিত টিভি প্রোগ্রামগুলোও বন্ধ করেছেন তিনি।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আটক করা হয়েছে এবং অন্যান্যদেরকে সামরিক বাহিনীর কাছে হাজির হতে বলা হয়েছে।
দেশে সামরিক আইন জারির দু’দিনের মাথায় বৃহস্পতিবার এক টিভি সম্প্রচারে প্রেয়াথ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং রাজনৈতিক সংস্কার কাজের জন্য সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে।
থাইল্যান্ডে ৬ মাসের সরকার বিরোধী বিক্ষোভের সমাধান খুঁজতে প্রতিদ্বন্দ্বী সব দলের সঙ্গে বৈঠক করার পর ক্ষমতা দখলের এ ঘোষণা দেন প্রেয়াথ।
টিভি ঘোষণায় প্রেয়াথ বলেন, “পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক করা, সমাজে শান্তি ফেরানো... এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কাঠামোগত সংস্কার কাজ করার জন্য সামরিক বাহিনীর ক্ষমতা নেয়া প্রয়োজন”।
ব্যাংককে বিভিন্ন রাজনৈতিক দলের সভাস্থলগুলো সিল করে দিয়ে নেতাদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। কয়েকমাসের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মঙ্গলবার সামরিক আইন জারির পর সেনাবাহিনী এ পদক্ষেপ নেয়।
সেনারা সরকার বিরোধী বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাকসুবানকে বৈঠক থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরপরই সেনাপ্রধান টিভিতে ওই ঘোষণা দেন।
বিরোধী নেতা থাকসুবান এবং সরকারপন্থি বিক্ষোভের নেতা জাতুপর্ন প্রমপানসহ আরো কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আটক হয়েছেন।
ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং বুনসঙপাইসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তিনিসহ তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে সামরিক বাহিনীর কাছে হাজির হতে বলা হয়েছে।
