২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ কাবুলে

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনী প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভ করেছে তার হাজার হাজার সমর্থক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজকরা এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা ব্যাপক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আবদুল্লাহর।

তার এ অভিযোগ নিয়েই ক্ষুব্ধ সমর্থকরা শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা করে।

আফগানিস্তানে ১৪ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক নর্দান এলায়েন্সের নেতা আবদুল্লাহর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি।

দ্বিতীয় দফার এ ভোটে আবদুল্লাহর বিরুদ্ধে কারচুপি হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

ভোট গণনায় দেখা গেছে, আবদুল্লাহ তার প্রতিপক্ষ আশরাফ গনির চেয়ে পিছিয়ে পড়েছেন। তবে গনিও ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। এতে করে আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

শুক্রবার আবদুল্লাহর সমর্থনে ১০ হাজারেরও বেশি আফগান বিক্ষোভে অংশ নিয়েছে। তারা আশরাফ গনি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেয়। কমিশনের কর্মকর্তারা ব্যাপক ভোট জালিয়াতি করেছে বলে অভিযোগ আছে।