ইরাকের গ্যাসক্ষেত্র জঙ্গিদের দখলে
ইরাকের সুন্নি বিদ্রোহীরা রাজধানী বাগদাদের অদূরে ৪ টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সম্পন্ন একটি শহর দখল করেছে।
দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চল জুড়ে বিশাল এলাকা দ্রুত দখল করে নেয়া সুন্নি জঙ্গিদের জন্য এটি আরেক সাফল্য।
বুধবার রাতভর হামলা চলেছে মানসুরিয়াত আল জাবাল শহরে। এ শহরটিতে রয়েছে গ্যাসক্ষেত্র। বিদেশি কোম্পানিগুলো এখানে কাজ করে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। জঙ্গিদের শুরু করা তৎপরতায় দেশ এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর নেতৃত্বাধীন বিদ্রোহে যোগ দিয়েছে অন্যান্য সুন্নি গ্রুপগুলো। তারা প্রধানমন্ত্রী নূরি আল মালিকির ৮ বছরের শাসনামলে সুন্নি সম্প্রদায়কে কোণঠাসা করে রাখার অভিযোগ করেছে।
বর্তমান সঙ্কট কাটাতে ইরাকে নির্বাচনের তিন মাস পর এ মুহূর্তে দেশের ভেতরে বাইরে সবখান থেকে একটি নতুন সরকার গঠনের ডাক এসেছে। এ সরকারে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এমনটিই আশা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
নতুন এ সরকার গড়ার প্রথম পদক্ষেপ হিসাবে ১ জুলাইয়ে পার্লামেন্ট অধিবেশন বসবে বলে জানিয়েছেন মালিকি। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মালিকি এ অধিবেশন ডেকে একটি ডিক্রি ইস্যু করেছেন।
অধিবেশন শুরুর পর ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে পার্লামেন্টকে এবং এর ১৫ দিন পর ঘোষণা করতে হবে প্রধানমন্ত্রীর নাম। যদিও এ প্রক্রিয়ায় অতীতে অনেক দেরী হয়েছে। ২০১০ সালে সরকার হতে ৯ মাস লেগেছে।
এবারে মালিকি এক্য সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। সুন্নি রাজনীতিবিদ ও ধর্মীয় দলগুলোর পরিত্রাণমূলক জাতীয় সরকার গঠনের আহ্বান নাকচ করেছেন তিনি।
