২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গড’ অর্থে ‘আল্লাহ’ নিয়ে আপিল খারিজ

‘গড’ অর্থে মালয়েশিয়ার খ্রিস্টানদের ‘আল্লাহ’ ব্যবহারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে জানানো একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

২০০৭ সালে আরোপ করা ওই নিষেধাজ্ঞা বাতিল করার দাবি জানিয়ে দেশটির ক্যাথলিক গির্জা ওই আবেদন করেছিল।

সোমবার বিবিসি জানিয়েছে, আবেদন প্রত্যাখ্যান করে ফেডারেল আদালতের জারি করা নিষেধাজ্ঞাটি ঠিক ছিল বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

ক্যাথলিক গির্জার মালয় ভাষার কাগজে ‘গড’ বোঝাতে ‘আল্লাহ’ শব্দের ব্যবহার নিয়ে বিতর্কটি শুরু হয়।

মালয়েশিয়ার সব ধর্মের মানুষেরা মালয় ভাষায় তাদের সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে।

খ্রিস্টানদের দাবি, আরবি থেকে মালয় ভাষায় ঢুকে পড়া ‘আল্লাহ’ শব্দটি তারা তাদের ‘সৃষ্টিকর্তা’ বোঝাতে কয়েক শতাব্দী ধরে ব্যবহার করে আসছে, এখন এই বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ তাদের অধিকার লঙ্ঘণের শামিল।

মালয়েশীয় কর্তৃপক্ষ বলছে, ‘গড’ শব্দের প্রতিশব্দ হিসেবে ‘আল্লাহ’ ব্যবহার করে খ্রিস্টানরা মুসলিমদের বিভ্রান্ত করে তাদের কাউকে কাউকে ধর্মান্তরিত করে ফেলতে পারে।

মালয়েশিয়ায় মুসলিম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ও খ্রিস্টান রয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা এই মামলাটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এতে তৈরি হওয়ার বিতর্কের ফলশ্রুতিতে গির্জায় ও মসজিদে হামলার মতো ঘটনাও ঘটেছে।

ক্যাথলিক গির্জার সংবাদপত্র দ্য হেরাল্ড ২০০৯ সালে প্রথম আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল। তখন আদালত এই আপিলের পক্ষে রায় দিয়েছিল।

কিন্তু ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে করা আপিলে নিষেধাজ্ঞার পক্ষে রায় আসে।

উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবার আপিল করে দ্য হেরাল্ড।

চূড়ান্ত এ বিচারে আদালতের ৭ সদস্যের জুরি বোর্ডে ৪-৩ ভোটে আপিলটি খারিজ করে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেয় আদালত।