ইরাকের ৩ শহর জঙ্গিদের দখলে
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভ্যান্ট’ বা আইএসআইএল তিনটি শহর দখল করেছে।
প্রত্যক্ষদর্শী ও কয়েকটি নিরাপত্তা সূত্র বলেছে, সেনারা রাওয়া, আনা এবং রুতবা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শহরগুলোর দখল নিয়েছে সুন্নি জঙ্গিরা।
জর্ডান সীমান্তের ৯০ মাইল পূর্বে রুতবা দখলের আগে পশ্চিমাঞ্চলীয় অন্য দুটি শহর দখল করে জঙ্গিরা। দুই দিনে জঙ্গিদের দখল করা ৪ টি শহরের সর্বশেষটি হল রুতবা।
শিয়া অধুষ্যিত আনবার প্রদেশের প্রায় পুরোটাই জঙ্গিরা দখল করে নিতে চাইছে। ইরাকের এক কর্মকর্তা বলেছেন, কাইম শহরে জঙ্গিরা একটি বর্ডার ক্রসিংও দখল করেছে। সেখানে দিনভর লড়াইয়ে নিহত হয়েছে ৩০ জন।
এলাকার কামান্ড সেন্টার, সেনা শিবির সব খালি পড়ে আছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।ক্রসিংটি দখল করায় জঙ্গিরা অস্ত্রসহ সব রসদ পেয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
