ডাকাতি নিয়ে প্রতিবেদনের সময় ডাকাতের কবলে!
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের উপকূলীয় এলাকার ছিনতাই ও গাড়িতে ডাকাতি নিয়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি প্রতিবেদন করার সময় প্রতিবেদক নিজেই ছিনতাইয়ের শিকার হয়েছেন।
দেশটির কেটিভিভি টেলিভিশন চ্যানেলের সান ফ্রান্সিসকো প্রতিনিধি হিথার হোমস এ ঘটনার শিকার হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সাম্প্রতিক ছিনতাই ও গাড়ি ডাকাতির ঘটনার ওপর সরাসরি প্রতিবেদন করার সময় হোমস যখন ক্যামেরার সামনে কথা বলছিলেন, তখন এক সুযোগ সন্ধানী চোর তাদের প্রোডাকশনের গাড়িতে ঢুকে পড়ে।
ওই গাড়ি থেকে হোমসের পার্স নিয়ে সটকে পড়ে চোর।
ঘটনার পর হোমস ট্যুইট করে বলেন, “তুমি কি আমার সঙ্গে মজা করছ? সরাসরি প্রতিবেদন করার সময় আমাদের গাড়ি থেকে আমার পার্স চুরি হয়ে গেছে!”
এরপর তিনি আবারো ট্যুইট করে জানান, ২০ মিনিট আগে কেউ একজন তার ব্যাংক কার্ড ব্যবহার করেছে।
তবে ছিনতাই বা চুরির শিকার হওয়া হোমসই একমাত্র সাংবাদিক নন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় এলাকায় সব টেলিভিশন চ্যানেলের গাড়িই চুরি বা ডাকাতির শিকার হয়েছে, কারো কারো ক্যামেরাও খোয়া গেছে।
এসব কারণে নিরাপত্তার জন্য কয়েকটি টিভি চ্যানেল সাদা পোশাকের সশস্ত্র রক্ষী নিয়োগ দিয়েছে।
