২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ওয়াজিরিস্তান ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের মুখে উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকা ছেড়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

উদ্বাস্তু এসব মানুষর জন্য উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু শহরের কাছে একটি শিবির স্থাপন করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

শিবির স্থাপন করা হলেও সেখানে পর্যাপ্ত খাবার, পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে অনেক উদ্বাস্তু পরিবার আত্মীস্বজন ও বন্ধুদের কাছে আশ্রয় খুঁজছেন বলে জানা গেছে।

উত্তর ওয়াজিরিস্তান ছেড়ে যারা চলে যেতে চান তাদের সুযোগ দিতে সেখানে জারি করা সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। আসছে দিনগুলোতে নিরাপদ আশ্রয়ের খোঁজে আরো কয়েক হাজার মানুষ সেখান থেকে পালাবে বলে মনে করছেন পাকিস্তানি কর্মকর্তারা।

বিবিসিকে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরের বাসিন্দা মুহম্মদ নিয়াজ বলেন, “কার্ফু জারির পর থেকে গত চারদিন ধরে ঘরে আটকে আছি আমরা।”

“চারদিন ধরে বাজার বন্ধ থাকায় বাসায় কোনো খাবার নেই। এমনকি আমার সন্তানকে হাসপাতালেও নিতে পারিনি। মনে হচ্ছে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।”

নিজ বাড়ি ছেড়ে আসা খুরশিদ খান বলেন, “সঙ্গে নারী ও শিশু নিয়ে এখানে এসেছি। সারা রাস্তায় এক ফোঁটা পানিও পাইনি। তৃষ্ণায় আমার ছেলের মুখটি শুকিয়ে হলুদ হয়ে গেছে, আর এখনও জানি না আমরা কোথায় যাচ্ছি।”

সেনাবাহিনী জানিয়েছে, রোববার থেকে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল ও অন্যান্য এলাকায় বিমান হামলা চালানো শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬০ জন জঙ্গি নিহত হয়েছেন।

ঘটনাস্থলে কোনো স্বাধীন গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকায় বিমান হামলায় কতজন হতাহত হয়েছেন তার সঠিক কোনো সংখ্যা বা সেনাবাহিনীর দাবি করা সংখ্যা যাচাই করার কোনো সুযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আফগানসীমান্তবর্তী দুর্গম পাহাড় অধ্যুষিত পাকিস্তানের এই এলাকা থেকে তালেবান ও বিদেশি জঙ্গিদের ঘাঁটি উচ্ছেদ করতে ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী মোতায়েন করে পূর্ণ মাত্রার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।