তিন কিশোর অপহরণ: হামাসকে দুষল ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে তিন কিশোর অপহরণের জন্য ফিলিস্তিনের হামাস গেরিলাদের দোষারোপ করেছে ইসরায়েল।
এ ঘটনার জন্য ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে রোববার শাসিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অপহৃতদের তল্লাশি অভিযানে এরই মধ্যে ৮০ জন ফিলিস্তিনিকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েল।
পশ্চিম তীরের ইসরায়েলি বসতির ১৬ বছর বয়সী দুজন এবং ১৯ বছর বয়সী এক কিশোর গত বৃহস্পতিবার রাত থেকে লাপাত্তা।
গাজার হামাস গোষ্ঠীর গেরিলারা তাদেরকে অপহরণ করেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
গত এপ্রিল মাসে ফিলিস্তিনে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহ’র জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণার পর তিন ইসরায়েলি কিশোর নিখোঁজের এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সম্পর্কে সবচেয়ে বড় টানাপোড়েন দেখা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।
জাতীয় ঐক্য সরকার গঠনের পরপরই ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইসরায়েল। হামাস সরকার সমর্থিত ফিলিস্তিন সরকারের সঙ্গে তারা কাজ করবে না বলেও জানিয়েছে।
