লাস ভেগাসে গুলিবর্ষণে নিহত ৫
যুক্তরাষ্ট্রের সশস্ত্র এক যুগলের গুলিতে দুই পুলিশ সদস্য ও একজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
পরে হামলাকারী দলের নারী সদস্য পুরুষসঙ্গীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।
রোববার নেভাদা রাজ্যের লাস ভেগাস শহরে এ ঘটনা ঘটেছে।
ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে টহল ডিউটিরত দুই পুলিশ কর্মকর্তা পূর্ব লাস ভেগাস এলাকার সিসি পিজা শপে দুপুরের আহার সারছিলেন। এক পুলিশ কর্মকর্তা তার সফট ড্রিংকসের গ্লাস ভরার সময় পেছন থেকে এক নারী এসে সরাসরি তার মাথায় গুলি করেন।
অপর পুলিশ কর্মকর্তা পিস্তল বের করার চেষ্ট করতেই তাকে লক্ষ করে আরও কয়েকটি গুলি করা হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাই ঘটনাস্থলে নিহত হন।
পরে নিহত পুলিশ কর্মকর্তাদের অ্যালিন বেক (৪১) ও ইগর সোলডো (৩১) বলে শনাক্ত করা হয়। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ ডগলাস গিলেস্পি।
দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ওই যুগল পার্শ্ববর্তী ওয়াল মার্র্টের দোকানে গিয়ে সামনের দরজার পেছনে দাঁড়ানো একজনকে গুলি করে হত্যা করে।
এখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন গিলেস্পি। এরই এক পর্যায়ে হামলাকারী নারী তার পুরুষসঙ্গীকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান শেরিফ গিলেস্পি।
হামলাকারী যুগল দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার পর তাদের অস্ত্র লুট করে বলে জানিয়েছেন শহর পুলিশের মুখপাত্র লরা মেল্টজার।
ঘটনার সময় দুই হামলাকারী “এটি একটি বিপ্লব” বলে চিৎকার করে বলে জানিয়েছেন লরা।
ওয়াল মার্টের দোকানে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও লাস ভেগাস রিভিউ তাকে নারী বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রে প্রায়ই এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায়ই বেসামরিক আততায়ীদের গুলিতে দেশটিতে অনেক লোক প্রাণ হারায়।
