২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে মারামারি, আহত ১২

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরের ভিতরে দুদল পূণ্যার্থীর মারামারিতে অন্ততপক্ষে ১২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 04:07 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

শুক্রবার ১৯৮৪ সালে মন্দিরে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানের (অপারেশন ব্লুস্টার ) ৩০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা সভায় আগতদের মাঝে দুদল মারামারিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।

এ সময় তলোয়ার, বর্শা ও লাঠি নিয়ে একদল অপর দলের ওপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ বেধে যায়।

মন্দিরের আকাল তখত ভবনের সামনে দুদলের এ মারামারির সময় উপস্থিত অন্যান্যদের প্রাণ ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়।

দাঙ্গারত সাতব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রার্থনা উপলক্ষে আগত শিরোমণি আকালি দল (অমৃতসর) ও শিরোমণি পারবন্ধক কমিটির (এসজিপিসি) সদস্যরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শক্তির লড়াই শুরু হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিরোমণি আকালি দলের সিমরানজিৎ সিং মান উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার উদ্যোগ নিলে আকাল তখতের ধর্মযাজক তাতে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে পরবর্তী আধঘন্টা ধরে চলে।

এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হন।

মারামারি চলার সময়ে এসজিপিসি’র সভাপতি আবতার সিং মাখ্খার এবং আকাল তখতের প্রধান ধর্মযাজক বা জাথেদর গুরবচ্চন সিং ঘ্টনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে পরিস্থিতি শান্তি হয়ে আসে।

১৯৮৪ সালে শিখ বিদ্রোহীরা পবিত্র স্বর্ণমন্দিরে আশ্রয় নিলে ভারতীয় সেনাবাহিনী মন্দিরটিতে অভিযান চালায়। ব্লুস্টার নামে পরিচিত এ অভিযানে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। এ ঘটনার পাঁচ মাসের মাথায় ব্লুস্টার অভিযানের প্রতিশোধ হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে হত্যা করে তার শিখ দেহরক্ষীরা।