হামবড়া বাতিকের ব্লেয়ার
প্রেম, যুদ্ধসহ বিভিন্ন কারণে আলোচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের হাম্বড়ামি বা নিজেকে ‘ত্রাণকর্তা ভাবার’ বাতিক আছে মন্তব্য করেছেন তার এক সময়ের বন্ধু, সমালোচক ও লেখক রবার্ট হ্যারিস।
এক সময়ের সাংবাদিক (বিবিসি) এবং পরে বিশ্বজুড়ে জনপ্রিয় থ্রিলার ফাদারল্যান্ডের এর এই লেখকের সঙ্গে ব্লেয়ারের প্রথম দেখা হয় ১৯৯২ সালে। কিন্তু দুই দশক আগে পরিচয় হওয়া সেই মানুষের সঙ্গে এখনকার মানুষটির অনেক ফারাক বলে মন্তব্য করেছেন তিনি।
এ যাবৎকালে ব্লেয়ারের ঘোর সমালোচকদের মধ্যে রবার্ট হ্যারিস অন্যতম। গত ৩ জুন লন্ডনের ‘টোটাল পলিটিকস’ সাময়ীকিকে দেয়া সাক্ষাৎকারে ব্লেয়ারের সমালোচনায় ওই বাতিকের কথা বলেন হ্যারিস।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট “জর্জ ডব্লিউ বুশের খুব কাছের বন্ধু বনে গিয়েছিলেন ব্লেয়ার, মানুষের ওপর বোমাবর্ষণ করে যেতে চেয়েছিলেন তিনি। অর্থবিত্ত বানানোর নেশাও তাড়া করে ফিরছিল তাকে।”
‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ২০০৭ সালে যুক্তরাজ্যের ক্ষমতা থেকে ব্লেয়ারের বিদায়ের বছরই রবার্ট হ্যারিসের অরেকটি বই ‘দ্য ঘোস্ট’ প্রকাশিত হয়, যাতে ইরাক যুদ্ধে ব্লেয়ারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়। যুদ্ধাপরাধের দায়ে ব্লেয়ারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার দাবিও তোলা হয় তখন।
‘টোটাল পলিটিকস’ এর সঙ্গে সাক্ষাৎকারে হ্যারিস বলেন, “রাজনীতিতে তুলনামূলক নবীন ব্লেয়ার ব্রিটিশ গণতন্ত্রকে ছুড়ে ফেলে যুক্তরাষ্ট্রের ধনাঢ্যদের সঙ্গে দৌড়ঝাঁপে ব্যস্ত হয়েছিলেন। এজন্য ব্রিটিশরা তাকে কখনো ক্ষমা করবে না”।
ক্ষমতা পেয়ে বেশ সক্রিয় আর যুদ্ধ সংঘাতে জড়ানো ব্লেয়ার কেন হঠাৎ করে রাজনীতির মূলধারা থেকে আড়াল হয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন বিবিসি’র সাবেক এই সাংবাদিক।
তিনি বলেন, “ঊনবিংশ শতাব্দির ভালো একটা ক্যারিয়ার থাকতে পারত তার। তিনি পররাষ্ট্রমন্তী হয়ে কিংবা দলের নেতৃত্বে থাকতে পারতেন। কিন্তু এতকিছুর কিছুই করলেন না তিনি।”
“আমি বুঝি না, একজন লোক যিনি এ ধরনের ভূমিকায় থাকার পর, নেতৃত্বের জন্য যুদ্ধ করার পর আবার কিভাবে সেখান থেকে সরে গেলেন,” বলেন হ্যারিস।
“কে জানত, ব্লেয়ার একদিন জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে বসবেন, মানুষের ওপর অবিরত বোমা বর্ষণ আর বিপুল অর্থবিত্তের দিকে ঝুঁকে পড়বেন? এক সময় ব্যক্তিগত বিমানে চড়ে আকাশে ঘুরপাক আর বিলাসবহুল প্রমোদতরীতে চড়ার অভিলাষ ব্লেয়ারের ওপর চেপে বসবে তাকি কারো ধারণা ছিল”? প্রশ্ন রাখেন ব্লেয়ারের এক সময়ের এই বন্ধু।
তিনি আরো বলেন, “হতে পারে আমি ব্লেয়ারকে যতটুকু দেখেছি তার চেয়ে কমবেশী করে প্রকাশ করছি। কিন্তু তাকে আরো ভালো করে জানে এমন মানুষ আছে বলেও আমার মনে হয় না”।
রাজনীতিকরা ৬/৭ বছরের বেশি সময় ক্ষমতায় থাকলে তাদের মাঝে পাগলাটে ভাব চলে আসে। আর এ ধরনের নেতারা সবাই একই ক্লাবের সদস্য বনে যান; এটি খুবই স্বাভাবিক ব্যাপার।
আমি মনে করি টনি ব্লেয়ারের মাঝেও এধরনের একটা ব্যাপার ছিল যা আমরা তখন বুঝতে পারিনি। তার মাঝে একটা ‘ত্রাতা’ ভাব কাজ করেছে, যার কারণে তিনি এরকম অভিলাষী হয়ে উঠেছিলেন।
