২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টনি ব্লেয়ারের প্রেমে মার্ডকের সাবেক স্ত্রী

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রেমে বিভোর মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 09:07 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

আবেগময় প্রেমের চমৎকার সব অনুভূতির কথা একটি চিরকুটে লিখেছেন তিনি। সেই চিরকুটের আদ্যপান্ত প্রকাশ করেছে ‘ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন’। এর কিছু অংশ ছেপেছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ও।

বলা হচ্ছে, রুপার্ট মার্ডকের সঙ্গে বিচ্ছেদের আগেই টনি ব্লেয়ারের প্রেমে পড়েছিলেন ওয়েন্ডি ডেং। ব্লেয়ারের রূপ-গুণ, পোশাক পরিচ্ছদ আর ক্ষমতাসহ অন্যান্য গুণগুলো তাকে বিমোহিত করেছে বলে একটি চিরকুটে লিখেছেন তিনি।

ভাঙা ভাঙা ইংরেজিতে তিনি লিখেন, “ওহ, সিট, ওহ, সিট। টনিকে আমি কেন এত মিস করছি? কারণ সে খুবই মনোমুগ্ধকর, তার পোশাকও চমৎকার। তার দেহ সুন্দর, পা দুটোও সুন্দর। লম্বা, স্লিম, মসৃণ ত্বক। তার নীল তীক্ষ্ণ চোখ দুটো খুবই ভাল লাগে আমার। যে ক্ষমতা তার আছে তাও ভালো লাগার মতো। আরো... আরো.... আরো....।”

অবশ্য ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে প্রেমের সব অভিযোগই অস্বীকার করেছেন ব্লেয়ার। ডেংয়ের এক বন্ধুও বলেছেন, তারা দুজন বন্ধুর বাইরে আর বেশিকিছুই ছিলেন না।

৮২ বছর বয়সী অস্ট্রিলীয়-মার্কিনী মিডিয়া মোগল এবং ‘দ্য নিউজ করপোরেশন’ এর নির্বাহী চেয়ারম্যান রুপার্ট মার্ডকের সঙ্গে তার ৪৪ বছর বয়সী তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের মধ্যে ১৪ বছরের যুগলজীবনের অবসান ঘটে গত বছর ।

টনি ব্লেয়ারে প্রতি ডেংয়ের এই দুর্বলতা মার্ডক বুঝতে পারার পরই দ্রুত তাদের বিচ্ছেদ ঘটে বলে অনেকের ধারণা।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে বলা হয়, ডেং ২০১২ সালের অক্টোবরে টনি ব্লেয়ারকে ক্যালিফোর্নিয়ার কারমেলে অবস্থিত মার্ডকের খামার বাড়িতে এক সপ্তাহ বেড়ানোর আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তার স্বামী মার্ডক তখন বাড়িতে নেই সে কথাটি ব্লেয়ারকে বলেন নি তিনি।

মার্ডকের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ম্যাগাজিনটিতে বলেন, “রুপার্ট মার্ডক ও ডেংয়ের ভালো বন্ধুই ছিলেন ব্লেয়ার। তবে প্রথমে তিনি ওই বাসায় যেতে রাজি হননি।

“কিন্তু একদিন ব্লেয়ার ঠিকই মার্ডাকের স্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাড়িতে উপস্থিত হন। ডেংও সেদিন খুব প্রেমবিলাসী হয়ে উঠেছিলেন এবং ব্লেয়ারকে অনেক আনন্দ দিয়েছিলেন।”

মার্ডক কবে বাড়ি ফিরবেন? লোকজনের কাছে জানতে চান ব্লেয়ার। যখন তাকে বলা হয় আসছে আগামীকাল রাতেই। ব্লেয়ার তখন চোখ ঘোরান এবং অস্বস্তিকর একটা চেহারা দেখা যায় তার।”

রুপার্ড মার্ডকও কারমেলের বাগানবাড়িতে এক মেয়ের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ছিলেন বলে ডেংয়ের কাছে অভিযোগ এসেছিল। ওই সময় মার্ডকের ১০৩ বছর বয়সী মা অসুস্থ ছিলেন। পরিবারের লোকজন তার পাশে জড়ো হয়েছিল।

২০১২ সালে মার্ডক তার স্ত্রী সম্পর্কে নানান গুঞ্জন শুনতে পান। তার বিভিন্ন বাড়ির লোকজন সন্দেহজনক কিছু দেখেছে কিনা? তাদের কাছে জানতে চান তিনি।

ম্যাগাজিনটির প্রতিবেদন বলা হয়, কারমেলের বাড়িতে ব্লেয়ার একধিকবার গিয়েছিলেন। এমন কি ২০১৩ সালের ২৭ এপ্রিল সেখানে তিনি ছিলেনও। বাড়ির কর্মচারীদের সঙ্গে আলাপ করে মার্ডক এরকম খবর পেতে থাকেন।

অরেকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ব্লেয়ার ও ডেং নিউ ইয়র্কের কার্লিলে হোটেলে ব্যক্তিগত ভ্রমণে গিয়েছিলেন। লন্ডনে মার্ডকের বাড়িতেও এমন হয়েছিল একবার।

অবশ্য ওই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেননি ব্লেয়ার। তবে ডেংয়ের সঙ্গে কোনো রকম প্রেমের সম্পর্ক থাকার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

টনি ব্লেয়ার দীর্ঘদিন ধরেই মার্ডকের পারিবারিক বন্ধু।তাদের বন্ধুবান্ধবরা বলছেন, ডেং যে দিনে দিনে তার প্রতি আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন ব্লেয়ার তা বুঝতে পেরেছিলেন। তবে সেদিকে মানোযোগ দেয়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ব্যক্তিগত জীবনে বেশ জটিল সময় পার করছিলেন ওয়েন্ডি ডেং। গত বছরে নভেম্বরে মার্ডকের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।

তিন বছর আগে মার্ডকের ওপর আক্রমণ করতে আসা এক ব্যক্তিকে চড় মেরে গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন ডেং। ব্রিটেনের হাউজ অব কমন্সে বন্ধ হয়ে যাওয়া পত্রিকা ‘নিউজ অব দা ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের

বিরুদ্ধে ফোন হ্যাকিং কেলেঙ্কারির শুনানি চলাকালে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের থালা নিয়ে আঘাত করতে আসে রুপার্ট মার্ডককে। এসময় ওয়েন্ডি ডেং লাফিয়ে ওঠে তাকে রক্ষা করেন।