২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন ঐক্য সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন নতুন ফিলিস্তিন ঐক্য সরকারের সঙ্গে কাজ করা এবং এ সরকারকে তহবিল সহায়তা করার পরিকল্পনা প্রকাশ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jun 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

ইসরায়েল তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতাও এ সিদ্ধান্তের সমালোচনার করেছেন।

সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে সোমবার শপথ নিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হামাসের জাতীয় ঐক্যর নতুন সরকার।

২০০৬ সালে নির্বাচনে জয়লাভ করার পর থেকে দল দুটি আলাদা আলাদাভাবে শাসন পরিচালনা করে এসেছে। গাজার শাসন পরিচালনা করেছে হামাস এবং পশ্চিম তীরের শাসন ক্ষমতায় থেকেছে আব্বাসের ফাতাহ দল।

হামাস ইসরায়েলকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই দলটির নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

ওদিকে, যুক্তরাষ্ট্র হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবেই দেখে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষকে তহবিল সহায়তার ওপর ওপর মার্কিন কংগ্রেসের বাধা-নিষেধও আছে।

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইনপ্রণেতারা বলছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হামাসের প্রতিশ্রুতিবদ্ধ থাকার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিন কর্তৃপক্ষকে অর্থ সহায়তা বন্ধ রাখা উচিত।

কিন্তু নতুন ফিলিস্তিন ঐক্য সরকার শপথ নেয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত ফিলিস্তিনি মন্ত্রিসভাকে পর্যবেক্ষণে রেখে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেন, “এ মুহূর্তে প্রেসিডেন্ট আব্বাস অন্তর্বর্তী টেকনোক্র্যাট সরকার গঠন করেছেন বলেই মনে হচ্ছে। এ সরকারে হামাস সংশ্লিষ্ট কোনো মন্ত্রী নেই”।

ইসরায়েলের সঙ্গে অতীতের শান্তিচুক্তিগুলো মেনে চলার আব্বাসের প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, “এখন আমরা যা জানি তার ভিত্তিতে আমরা এ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে আব্বাসের নীতি সমুন্নত আছে কিনা তা নিশ্চিত হতে এ সরকারের ওপর নিবিড়ভাবে নজর রাখা হবে”।