রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
রাশিয়ার উত্তরাঞ্চলে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন।
৫ জন ক্রুসহ ১৮ জনকে বহনকারী হেলিকপ্টারটি রোববার রাতে মারমানস্ক এলাকার মুনজেরোর একটি লেকে বিধ্বস্ত হয়।
রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন জানান, উদ্ধার তৎপরতা চলছে।
এরআগে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, ১৮ জনের মধ্যে নিহত ৫ জনসহ গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।
তবে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৯ জন আরোহী ছিলেন।
প্রাথমিকভাবে তদন্তকারীরা দুর্ঘটনার জন্য যান্ত্রিক গোলযোগ ও বিরূপ আবহাওয়াকে দায়ী করেছেন।
