২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ছাইমেঘে বিঘ্নিত বিমান চলাচল

ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ছাইমেঘের কারণে অস্ট্রেলিয়ার ডারউইন অঞ্চলের বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 11:05 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

বিবিসির খবরে বলা হয়, শনিবার অস্ট্রেলিয়ার ডারউইন সিটি বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ রুটে বিমান চলাচল বন্ধ ছিল। বেসামরিক বিমান পরিবহন কোয়ান্টাস, জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া তাদের সবগুলো ফ্লাইট বাতিল করেছে।

সক্রিয় আগ্নেয়গিরি ‘সাঙ্গিয়াং অ্যাপি’তে শুক্রবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট ছাইমেঘ দক্ষিণে প্রসারিত হয়ে অস্ট্রেলিয়ার আকাশও ছেয়ে যায়।

আগ্নেয়গিরির কারণে আরো কয়েকটি বিমান বন্দর আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিমানের ফ্লাইটসূচি বিঘ্নিত হওয়ার কারণে ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরা।

ডারউইন ভলকানিয়ান অ্যাশ অ্যাডভাইসারি সেন্টারের ব্যবস্থাপক এমিল জনসন বলেন, “আগ্নেয়গিরি আরো স্থায়ী হতে যাচ্ছে। এখনও আরো উদগিরণ হচ্ছে।

শনিবার অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে বালিদ্বীপমুখী কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। 

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রেসার বলেন, আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে আরো একদিন লাগতে পারে।

১৯৮৮ সালে বড় ধরনের অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে সাঙ্গিয়াং দ্বীপে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করছে না। শুক্রবার নতুন করে আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার পর সেখানকার কৃষকদেরকে আবারও সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।