হোয়াইট হাউজের সামনে নাঙ্গা হয়ে ধরা
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সামনে দিগম্বর হয়ে কর্মকর্তাদের সঙ্গে মারামারিতে লিপ্ত হওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাইকেল বিচার্ড। তার বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে।
সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, শুক্রবার বিচার্ড হোয়াইট হাউজের নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে সিক্রেট সার্ভিস পুলিশের পোশাক পরিহিত অবস্থায় উপস্থিত হন। আর এরপর তিনি ধীরে ধীরে পরনের সব কাপড় খুলে দিগম্বর হয়ে যান।
আর এরপর দায়িত্বরত কর্মকর্তারা বিচার্ডকে ধরে ফেলে কাপড় জড়িয়ে তাকে হাসাপাতালে পাঠান। ধরার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান।
দ্য ডেইলি কলার ওয়েবসাইটের একজন সাংবাদিক ওই সময় সেখানে ছিলেন। তিনি জানান, বিচার্ড নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে গিয়ে বলেন, দুপুর ৩ টায় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
এ সময় তিনি তার পরিচয়পত্রও দেখান। কিন্তু তার পরিচয়পত্র প্রত্যাখ্যাত হয়। আর এরপরই লোকটি দিগম্বর হয়ে পড়েন।
