ভোটে সাড়া মেলেনি, সিসির নেতৃত্ব নিয়ে সংশয়
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ একদিন বাড়িয়েও ভোটারদের কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসির ম্যান্ডেট নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে সিসি ছাড়াও আরেকজন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোট গণনায় সিসি এগিয়ে থাকবেন বলে আগেই আভাস দিয়েছিল গণমাধ্যমগুলো। কিন্তু সোম-মঙ্গলবার নির্ধারিত ভোটের দিন ‘প্রয়োজনীয় সংখ্যক’ ভোট না আসায় তা একদিন বাড়ানো হয়েছিল।
নির্বাচন কমিশনের কর্মকর্তা তারেক আল-সিবলের বরাত দিয়ে মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম জানায়, দুই কোটি ১০ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছে যা মোট ভোটারের ৩৯ শতাংশ। মিশরে মোট পাঁচ কোটি ৪০ লাখ বৈধ ভোটার রয়েছে বলে জানান তিনি।
গত সপ্তাহে দেয়া ভাষণে চার কোটি বা ৮০ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছিলেন সিসি।
তবে নির্বাচন পর্যবেক্ষণকারী একজন পশ্চিমা কূটনীতিক বলেন, এক কোটি থেকে দেড় কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে থাকতে পারে, যা হবে মোট ভোটের ১৯ থেকে ২৮ শতাংশ, এ ভোট ধারণার চেয়ে অনেক কম।
নির্বাচনে ভোটারদের স্বল্প উপস্থিতি আরবের গুরুত্বপূর্ণ এই দেশটির নেতা হিসেবে সিসি’র গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলতে পারে। এছাড়া, জনসমর্থনের দিক দিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে টপকাতেও তিনি ব্যর্থ হচ্ছেন বলে নির্বাচনের ফলে ইঙ্গিত পাওয়া যেতে পারে।
রয়টার্সের প্রতিবেদক জানান, বুধবারও কায়রোর নির্বাচন কেন্দ্রে সামান্য সংখ্যক ভোটার হাজির হয়েছিলেন। একই পরিস্থিতি ছিল মিশরের আরেক গুরুত্বপূর্ণ শহর আলেক্সান্দ্রিয়ায়।
দুইদিন ব্যাপী ভোট মঙ্গলবারই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণে তা বুধবার রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
এদিকে সময়ে শেষ হওয়ার পরও নির্বাচনের সময় বাড়ানোর ফলে নির্বাচন পদ্ধতির কাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।
গবেষণা প্রতিষ্ঠান ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ইরিক বিজর্নলন্ড বলেন, “শেষ মুহূর্তে এসে নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত কেবলমাত্র কোনো বিশেষ পরিস্থিতিতেই নেয়া যায়”।
সিসি’র প্রচারকর্মীরা নির্বাচনে ভোটদানের লম্বা সারির ছবি ফেইসবুকে প্রকাশ করেছে। ভোটারদের কেউ কেউ জাতীয় পতাকা উড়িয়েছে এবং সিসি’র ছবি ধারণ করেছে।
তবে কায়রোতে একটি নির্বাচন কেন্দ্রে দায়িত্বপালনকারী একজন সেনা সদস্য সাংবাদিককে দেখে বলেন, “আপনি কি ভোটারদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন? আপনি কি কোনো ভোটার দেখতে পাচ্ছেন? আমি জানিনা কেন তারা আসেনি। সম্ভবত তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
