২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময় বৃদ্ধি

নির্ধারিত দুদিনে কাঙ্ক্ষিত ভোট না পড়ায় মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময় আরো বাড়ানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

সোম ও মঙ্গলবার ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুব কম ছিল।

মঙ্গলবার রাত দশটায় ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়। কিন্তু দুদিনে যে অল্প পরিমাণ ভোট পড়েছে তাতে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেই জন প্রতিনিধির গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন দেখা দেবে।

এমন আশঙ্কায় নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকা প্রার্থী সাবেক সেনা প্রধান আব্দেল ফাত্তা আল সিসিকে সহায়তা করতে বুধবার পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে।

নির্বাচনের আগে ভোটারদের ব্যাপকভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছিলেন সিসি। কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের স্বল্প উপস্থিতি ফিল্ড মার্শাল সিসির জন্য বিপর্যয় বয়ে এনেছে বলে মনে করছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।

এই সিসিই মিশরের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিলেন।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, “সম্ভাব্য সর্বোচ্চ ভোট গ্রহণ অনুমোদন করতে সময়সীমা বাড়ানো হয়েছে।”

নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী হামদিন সাবাহি। মুরসি যে বার প্রেসিডেন্ট হয়েছিলেন সেই ২০১২ সালের নির্বাচনে হামদিন তৃতীয় হয়েছিলেন।

কিন্তু মুরসিকে ক্ষমতাচ্যুত করে জনপ্রিয় হয়ে ওঠা সিসির বিরুদ্ধে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন এমন কোনো প্রত্যাশা কেউ করছে না।

বেসরকারি কোম্পানিতে কর্মরত ২৭ বছর বয়সী হানি আলি বলেন, “আমি সিসিকে ভোট দিতাম, কারণ যে কোনোভাবে তিনিই প্রেসিডেন্ট হবেন, আর ব্রাদারহুডকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম।”

“কিন্তু এখন আমি যাব না, কারণ গত কয়েক মাসের সহিংসতায় মানুষ ব্যথিত হয়ে আছে এবং যেমন অনুভব করেছিলাম এখন আর তারা ততটা সিসি’র পক্ষে নেই।”

হানি আলির এসব কথাতে বেশিরভাগ মিশরীয় ভোটারদের মনোভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।