নওয়াজ ও আগত অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি
ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসা দক্ষিণ এশীয় আটটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
তবে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের দিকেই সব মহলের কৌতুহলি মনোযোগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নওয়াজের সঙ্গে বৈঠক করবেন মোদি, জানিয়েছে এনডিটিভি।
এই বৈঠক দুদেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান বরফ গলনের কাজ করবে বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। আর এই বৈঠককে দুই দেশের দুই নেতার মধ্যে সৌহার্দ্য তৈরির সুযোগ বলে বর্ণনা করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
সোমবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেছেন, “আমাদের পরস্পরের সম্পর্কে ভয়, অবিশ্বাস ও সন্দেহ দূর করা উচিত। দুটি দেশেরই উচিত অস্থিতিশীলতা ও নিরাপত্তার শঙ্কা থেকে এ অঞ্চলকে মুক্ত করা, যা কয়েক দশক ধরে আমাদের ভোগাচ্ছে।”
