২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ইইউ বিরোধীদের জয়জয়কার

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এবার বিস্ময়কর জয় পাচ্ছে ইউরোবিরোধী এবং কট্টর-ডানপন্থিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ফ্রান্স এবং ব্রিটেনে রোববার অনুষ্ঠিত ভোটের ফলে এমনটিই দেখা যাচ্ছে। এ উত্থানকে ‘রাজনীতির ভূমিকম্প’ আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী।

একইসঙ্গে ইউরোপজুড়ে বিভিন্ন দেশের সরকারের কৃচ্ছ্র পদক্ষেপ ও বেকারত্বের বিরুদ্ধে ভোটে দ্বিগুণের বেশি আসন পেয়েছে ইইউ এর সমালোচকরা।

ইউরোপীয় পার্লামেন্টের ভোটে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট এবং যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পার্টি দুইই শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। অন্যদিকে, পার্লামেন্টে তিনটি বড় কেন্দ্রীয় ব্লকই আসন খুইয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধীদের শক্তি যে বড়েছে, ভোটের এ ফলেই তা স্পষ্ট। যারা ইইউ এর ক্ষমতা খর্ব করার পাশাপাশি একে পুরোপুরি বিলুপ্ত করে ফেলতে চায়।

ফ্রান্সে মোট ভোটের প্রায় ২৫ শতাংশ পেয়ে শীর্ষ স্থান দখল করেছে ইইউ বিরোধী ‘ন্যাশনাল ফ্রন্ট’ বা এনএফ৷ আর মধ্য-ডান দল ইউএমপি পেয়েছে ২১ শতাংশ ভোট। তারা চায় ফ্রান্স ইউরো বাতিল করুক এবং ইইউ থেকে বের হতে গণভোটের আয়োজন করুক৷ ওদিকে, প্রেসিডেন্ট ওঁলাদের দল পেয়েছে মাত্র ১৪ শতাংশ ভোট।

যুক্তরাজ্যের ইউরোবিরোধী ইউকেআইপি ২৭ শতাংশ ভোট পেয়ে দখল করেছে শীর্ষ স্থান। আর কনজারভেটিভরা পেয়েছে ২৪ শতাংশ এবং লেবার পেয়েছে ২৫ শতাংশ ভোট। ওদিকে, জার্মানিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ৷ গ্রিসে সরকারের ব্যয় সংকোচ নীতির বিরোধী হিসেবে পরিচিত চরম বামপন্থি সিরিজা পার্টি সবচেয়ে বেশি ভোট পাচ্ছে৷ বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় কৃচ্ছ্র নীতির কারণে ইইউ এবং ইউরোর প্রতি মানুষ বিরূপ মনোভাব পোষণ করেছে৷