ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানবেন পুতিন
ইউক্রেইনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে ‘সম্মান’ দেখাবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২৫ মে’র নির্বাচনের আগে শুক্রবার পিটার্সবার্গে পুতিন বলেন, ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক মস্কো তার সঙ্গে কাজ করে যেতে প্রস্তুত।
পুতিনের আস্থাভাজন হিসেবে পরিচিত ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়েই মস্কোর সঙ্গে কিয়েভের বিরোধ সর্বোচ্চ মাত্রা পায়। এরই অংশ হিসেবে ক্রিমিয়াসহ পূর্ব ইউক্রেইনের কয়েকটি রাজ্যে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।
বিদ্রোহী গোষ্ঠীকে মদদ ও উস্কানি দেয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছেন কিয়েভের অন্তর্বর্তী সরকার ও পশ্চিমা মিত্ররা। তবে পুতিনের শুক্রবারের ওই ঘোষণা ইউক্রেইনে নির্বাচন পরবর্তী প্রশাসনের সঙ্গে তার বিরোধ এড়িয়ে কাজ করে যেতে চাওয়ারই ইঙ্গিত।
ওদিকে, নির্বাচনের একদিন আগেও পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক ও লুহানস্ক শহরে বিশৃঙ্খলা হয়েছে। নির্বাচন ব্যাহত করা ও পৃথক রাষ্ট্র পাওয়ার দাবিতে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এসব বিশৃঙ্খলা চালাচ্ছে বলে দাবি কিয়েভের।
কিছু কিছু এলাকায় আগ্নেয়াস্ত্রের মুখে নির্বাচনের ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা। এছাড়া ভোটারদেরকেও ভোট দিতে যেতে বাধা দেয়ার হুমকি দিচ্ছে তারা।
বৃহস্পতিবার ডোনেস্ক অঞ্চলে বিদ্রোহী ও কিয়েভ সেনাদের সংঘর্ষে অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবারও সংঘর্ষ হয়েছে যাতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
