২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেজরিওয়ালের কারাবাসের মেয়াদ বাড়ল

ভারতে মানহানির মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের হাজতবাসের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 05:45 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

বিজেপি নেতা নীতিন গাড়কারির করা মানহানির মামলায় জামিনের জন্য বন্ড দিতে অস্বীকৃতি জানানোর কারণে শুক্রবার কেজরিওয়ালের কারাবাসের মেয়াদ আরো ১৪ দিন বাড়ালেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোমতী মানছা।

এর আগে জামিনের জন্য ১০ হাজার রুপি দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দিল্লির তিহার জেলে পাঠানো হয়েছিল।

লোকসভা নির্বাচনের সময় কেজরিওয়াল এক বক্তৃতায় বিজেপি নেতা নীতিনকে ‘দুর্নীতিবাজ’ বলায় তিনি মামলাটি করেন।

১০ হাজার রুপির বন্ডে সই করে কেজরিওয়ালের জামিন নেয়ার সুযোগ থাকলেও দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন নেতা হয়ে এমন কাজ তিনি করতে পারেন না বলে আদালতকে জানান।

ব্যক্তিগত বন্ড সই না করে বরং প্রতি শুনানিতে আদালতে হাজির হওয়ার ব্যাপারে মুচলেকা দেয়ার প্রস্তাব করেন তিনি।

কিন্তু আদালত আগের সিদ্ধান্তে অটল থেকে জানিয়ে দিয়েছে, কেবল কেজরিওয়ালের ক্ষেত্রে আদালত বিশেষ নিয়মপন্থা অবলম্বন করতে পারে না। কেজরিওয়াল চাইলে এর বিরুদ্ধে উচ্চ আদালতেও যেতে পারেন।

ওদিকে, গাড়কারির আইনজীবী বলছেন, “বৃহস্পতিবারই আম আদমি পার্টির ৫৯ জন সদস্য ব্যক্তিগত বন্ড দিয়ে আদালত থেকে জামিন নিয়েছেন। তা হলে কেজরিওয়াল কেন পারবেন না”।

কিন্তু কেজরিওয়াল এখনো আগের অবস্থানেই অটল। শুক্রবারের আদালতের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী প্রশান্ত ভূষণ।