সিরিয়াকে আইসিসি’তে পাঠানোর প্রস্তাবে ভেটো চীন-রাশিয়ার
তিন বছরের গৃহযুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর জাতিসংঘ প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছে।
এ নিয়ে চারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া ও চীন।
ফ্রান্সের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব পেশ করে। এরপর প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের বাকি ১৩ সদস্য।
প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, “এ ব্যর্থতার জন্য পরবর্তী প্রজন্ম আমাদেরকে জেরা করবে।”
অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে উপ-মহাসচিব জ্যান এলিয়াসেন এক মন্তব্যে বলেন, “চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের কিছুটা জবাবদিহির ব্যবস্থা করার পদক্ষেপ নেয়ার জন্য সমঝোতায় পৌঁছতে সদস্যরা বার বার ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদসহ গোটা সংগঠনের বিশ্বাসযোগ্যতাই ক্ষুন্ন হতে থাকবে”।
