২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ায় বন্যায় মৃতদের জন্য জাতীয় শোক

বন্যায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে সার্বিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 08:34 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলকান অঞ্চল। নদীতে বাড়তে থাকা পানির কারণে বিপর্যয়ের ঝুঁকি আরো বাড়ছে।

সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ভুকিক বলেছেন, বেলগ্রেডের দক্ষিণপশ্চিমাঞ্চলের কেবল একটি শহর ওব্রানোভাকেই মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে।

এ পরিস্থিতির মধ্যে বুধ থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ভুকিক। ওদিকে, বন্যা কবলিত বসনিয়া মঙ্গলবার জাতীয় শোক পালন করেছে।

কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় সার্বিয়া, বসনিয়া এবং ক্রোয়েশিয়া মিলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

বসনিয়ার সঙ্গে সার্বিয়ার সীমান্তে মালি জোরনিক এর মেয়র বলেছেন, বৃষ্টির কারণে গোটা পর্বতই নদীতে ধসে পড়ার উপক্রম হয়েছে এবং এ এলাকাসহ আশেপাশের শহরও প্লাবিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বসনিয়ার উত্তরাঞ্চলে বালুর বস্তার বাঁধ ভেঙে বন্যার পানির তোড়ে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ও পশ্চিমাঞ্চলীয় শহর স্যাবেককে বন্যার পানি থেকে রক্ষার জন্য সেনা, পুলিশ ও দমকল কর্মীদের সঙ্গে হাজার হাজার স্বেচ্ছাসেবী যোগ দিয়ে বাঁধ তৈরিতে কাজ করছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কয়েকদিনের মধ্যে গত ১২০ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে নদীটির পানি প্রতি ঘন্টায় তিন সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে।