চীনের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের
৫ চীনা সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বেসরকারি মার্কিন কোম্পানিগুলোতে হ্যাকিং এর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
সোমবার পেনসিলভানিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
মার্কিন কৌঁসুলিরা বলেছেন, হ্যাকিং এর মাধ্যমে ওই কর্মকর্তারা গোপন বাণিজ্যিক তথ্যসহ ৫ টি কোম্পানি এবং একটি শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীন বেশ কিছু দলিল চুরি করেছেন।
চীনা নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার-গুপ্তচরবৃত্তির এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ এটাই প্রথম।
মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার এ ঘটনাকে ‘গুরুতর’ আখ্যা দিয়ে এর ‘আগ্রাসী জবাব’ দেয়ার দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওয়েস্টিংহাউজ ইলেকট্রিক কোম্পানি, ইউএস স্টিল, এলকোয়া ইন্ক, এল্লিজেনি টেকনোলোজিস, সোলারওয়ার্ল্ড এবং ইইউ স্টিলওয়ার্কার্স ইউনিয়ন হ্যাকিং এর শিকার হয়েছে বলে জানান হোল্ডার।
চীন রাষ্ট্রায়ত্ত্ব বিভিন্ন কোম্পানি ও অন্যান্য স্বার্থগুলোর জন্য সুবিধা হাসিল করতেই একাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
অভিযুক্ত চীনা কর্মকর্তারা হচ্ছেন, চীনের পিপলস লিবারেশন আর্মির থার্ড ডিপার্টমেন্টের ৬১৩৯৮ ইউনিটের কর্মকর্তা। তাদের নাম ওয়াং ডং, সুন কাইলিয়াং, ওয়েন সিনয়ু, হুয়াং ঝেনিউ এবং গু চুনহুই বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত কয়েক বছরে চীন হ্যাকিং চালিয়েছে। এতে মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং উত্তোরত্তোর আরো কোম্পানি এমন হ্যাকিং এর শিকার হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্মকর্তারা।
তবে চীন এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং এ নিয়ে বিচার প্রক্রিয়া চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছে। ইন্টারনেটের নিরাপত্তার ব্যাপারে চীনের অবস্থান খুবই স্পষ্ট এবং অব্যর্থ বলে দাবি করেছে বেইজিং সরকার।
