২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে খালাস পেল ১৬৯ ব্রাদারহুড সমর্থক

মুসলিম ব্রাদারহুডের ১৬৯ জন সমর্থককে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে মিশরের আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

গত বছর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ছড়িয়ে পড়া অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ ছিল এদের বিরুদ্ধে।

এ মামলা থেকে অভিযুক্তদের খালাস দেয়ার পদক্ষেপ নিয়ে মিশর ঢালাওভাবে মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের অভিযুক্ত করা এবং সাজা দেয়ার ধারা পাল্টালো বলেই মনে করা হচ্ছে।

কায়রোয় গত বছর নিরাপত্তা বাহিনী রাজধানীতে বিক্ষোভ শিবির গুঁড়িয়ে দিতে গিয়ে শ শ মুরসি সমর্থককে হত্যা করার দুদিন পর ১৬ অগাস্টে সহিংসতায় জড়িত থেকে অবৈধ সমাবেশ ঘটানোর অভিযোগ ছিল ১৬৯ জনের বিরুদ্ধে।

অভিযুক্তদের ১১৭ জন এখনো আটক আছে এবং তাদেরকে এখন মুক্তি দেয়া হবে। এ মামলায় অভিযুক্ত অন্যান্যরা এরই মধ্যে মুক্তি পেয়েছে। আদালতের রায়ের ব্যাপারে আর বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত বছর জুলাইয়ে সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনপীড়ন চালাচ্ছে কর্তৃপক্ষ।

এ বছরের শুরুর দিকে আদালত প্রাথমিকভাবে বিভিন্ন মামলায় ব্রাদারহুডের ১২০০ সদস্য ও সমর্থককে মৃত্যুদণ্ড দেয়। পশ্চিমা দেশগুলোর সরকার এবং মানবাধিকার গ্রুপগুলো এর কড়া সমালোচনা করে।