তুরস্কে খনি বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার ২৪
তুরস্কে গত সপ্তাহের খনি বিপর্যয়ের ঘটনা তদন্তের আওতায় খনি কোম্পানির নির্বাহী কর্মকর্তারাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিসা প্রদেশের গভর্নর আব্দুর রহমান সাভাস সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের ‘গাফিলতির কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছে’ সন্দেহে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্কের পশ্চিমাঞ্চলে সোমা শহরের ওই কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে। উদ্ধারকাজ শেষ হয়েছে শনিবার। সর্বশেষ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবারের এ ভয়াবহ খনি দুর্ঘটনার পর থেকেই সরকার এবং খনি কোম্পানিগুলোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে সোমায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
কিন্তু সরকার এবং খনি কোম্পানি এ ঘটনার জন্য তাদের কোনো গাফিলতি থাকার কথা অস্বীকার করেছে। খনিতে বিস্ফোরণে সুড়ঙ্গপথে কার্বন মনোক্সাইড গ্যাস ছেয়ে গেলে মানুষ নিহত হয়। খনিটিতে সে সময় ৭৮৭ খনিকর্মী ছিল।
শ্রমিক নেতাদের অভিযোগ, কয়লাখনিসহ অন্যান্য সরকারি কোম্পানিকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেয়ার ফলে সেখানে শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যাপকহারে বিঘ্নিত হচ্ছে।
খনি দুর্ঘটনায় বিরূপ প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। এ দুর্ঘটনা আগামী নির্বাচনে এরদোয়ানের জনপ্রিয়তায় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ১৯৯৯ সালে ঘটে যাওয়া ভূমিকম্প সঠিকভাবে মোকাবেলা করতে না পারায় তৎকালীন সরকারকে ক্ষমতা হারাতে হয়েছিল।
গত মঙ্গলবারের বিস্ফোরণ তুরস্কের খনিশিল্পে ভয়াবহতম দুর্ঘটনাগুলোর অন্যতম। এর আগে ১৯৯২ সালে কৃষ্ণসাগর এলাকায় জঙ্গুলডাক খনিতে দুর্ঘটনায় ২৬৩ জন নিহত হয়েছিল।
