লিবিয়ায় বেসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ে নিহত ২৪
লিবিয়ায় পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনাগাজিতে দুটি বেসামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ে ২৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার লিবীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল খালিফা হাফতার নেতৃত্বাধীন বেসামরিক বাহিনী স্বঘোষিত ‘লিবীয় জাতীয় সেনাবাহিনী’ ইসলামপন্থী আনসার আল শরিয়া ও অন্য আরেকটি ইসলামপন্থী বেসামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করে বলে জানিয়েছেন হাফতার বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল হেজাজি।
লড়াইয়ে ইসলামপন্থী বাহিনীর বিরুদ্ধে সরকারি বাহিনীও যোগ দেয় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল থিন্নি ইসলামপন্থী বাহিনীর বিরুদ্ধে চালানো ওই অভিযানকে “বিপ্লবের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা” বলে নিন্দা করেছেন।
হাফতারসহ যে কোনো সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
এই লড়াইয়ের কারণে সন্ধ্যায় বেনগাজির বেনিনা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
সরকারের এই অবস্থানকে প্রত্যাখ্যান করে হেজাজি বলেছেন, সরকার বেনগাজিকে সহায়তা করতে ব্যর্থ হওয়ার কারণেই তারা হস্তক্ষেপ করে জঙ্গিদের ঘাঁটি থেকে তাড়িয়ে শহরে থেকে বের করে দেয়ার চেষ্টা করছিলেন।
তিনি বলেন, “আমরা তাদের জানিয়েছি বেসামরিক মানুষের সমর্থনই আমাদের বৈধতা, প্রতিদিন পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের জীবন অতিষ্ঠ করে তুলেছে জঙ্গিরা। স্থিতিশীলতার প্রতি হুমকি তৈরি করা এসব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি আমরা।”
সকালের লড়াইয়ের পর সন্ধ্যায় শহরের পরিস্থিতি শান্ত হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লড়াই চলাকালে সেনাবাহিনীর অন্ততপক্ষে একটি হেলিকপ্টার ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানোর সময় ব্যবহৃত হয়।
এ ঘটনায় ১২০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
২০১১ সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকেই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছেন দেশটির নেতারা। গাদ্দাফিবিরোধী বিদ্রোহে অংশগ্রহণকারী অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকার দখল ধরে রেখে সরকারকে অগ্রাহ্য করে নিজ নিজ পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে।
